বান্দরবানে পাহাড়ে ফাটল ঝুঁকিতে শতাধিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের সাঙ্গু নদের (স্থানীয়ভাবে শঙ্খ নদী) তীরসংলগ্ন ইসলামপুর পাহাড়ে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। পাহাড়টিতে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা লোকালয়ের অংশটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এর পরও সেখানে শতাধিক পরিবার মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে।গতকাল শনিবার জেলা প্রশাসক ওই এলাকা পরিদর্শন করে অত্যধিক ঝুঁকিপূর্ণ কিছু পরিবারকে দ্রুত অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছেন। ইউকেচিং বীর বিক্রম সড়কের ইসলামপুর পাহাড়ে গিয়ে দেখা যায়, ফাটলের কারণে বেশ কয়েকটি বাড়ির দেয়াল ভেঙে পড়ছে। এই সড়কের কয়েকটি অংশেও দুই-তিন ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে কয়েকটি বাড়ি হেলে পড়েছে। কিন্তু তার পরও রশি দিয়ে গাছের সঙ্গে ঘর বেঁধে সেখানে লোকজন বসবাস করছে। ফাতেমা বেগম নামের এক বাসিন্দা জানান, ১০-১২ দিন আগে হঠাৎ করে এলাকায় ফাটল দেখা দিতে শুরু করে। যত সময় যাচ্ছে ফাটল ততই বড় হচ্ছে। ভয় পেলেও তাঁদের কিছু করার নেই। এর আগেও পাহাড়ধস হয়েছে। এতে মাত্র দু-একটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। কিন্তু এভাবে বিশাল এলাকাজুড়ে ফাটল ধরেনি। এই ফাটল সৃষ্টির ব্যাপারে এলাকার বাসিন্দা রুবি আক্তার ও জয়নাল আবেদিনসহ স্থানীয় লোকজনের অভিযোগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান ইসলামপুরে স্লুইসগেট এলাকার জলাধারে বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনের পাশে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অপরিকল্পিতভাবে আরসিসি ব্লক ফেলেছে। এ জন্য জলাধার পানি ধারণ করতে না পারায় ও নদীর স্রোত পরিবর্তন হওয়ায় স্রোতের পানি ইসলামপুর পাহাড়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। এর ফলে পাহাড়ে ফাটল দেখা দিয়েছে। আবার অনেকে বলছেন সম্প্রতি হওয়া ভূমিকম্পের কারণেও এ ফাটলের সৃষ্টি হয়ে থাকতে পারে। এ ব্যাপারে কাজী মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে পাউবোর কার্যালয়ে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। ইসলামপুর এলাকার পৌর কাউন্সিলর ওসমান গনি জানান, শতাধিক পরিবার পাহাড়ধসের ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ৩৫-৪০টি পরিবার অত্যধিক ঝুঁকিতে রয়েছে। বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা জানান, ফাটলের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ইসলামপুরে সড়ক নির্মাণ, জনবসতি ও পাউবোর আরসিসি ব্লক স্থাপন—সবকিছু অপরিকল্পিতভাবে হওয়ায় এ রকম অবস্থার সৃষ্টি হয়েছে।