বান্দরবানে পাড়াপ্রধানসহ চারজনকে অপহরণ
বান্দরবানে থানচি উপজেলার দুর্গম একটি পাড়া থেকে কার্বারিসহ (পাড়াপ্রধান) চারজন ম্রো আদিবাসীকে গত সোমবার অপহরণ করা হয়েছে। তবে ম্রো তরুণদের একটি দল ওই চারজনকে অপহরণ করার কথা স্বীকার করেছে। যদিও ম্রো তরুণদের দলকে নিরাপত্তা বাহিনী ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) বলে থাকে। ওই দলের প্রধান মেনরুম ম্রো প্রথম আলোকে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিছুদিন আগে চারজন ম্রোকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেপ্তার করে। তাঁদের মুক্তির দাবিতে তাঁরাও ওই চারজনকে অপহরণ করেছেন। এলাকাবাসী জানায়, সোমবার রাতে উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে রেংরিং ম্রোপাড়ায় ২৪-২৫ জনের ম্রো তরুণের একটি দল আসে। তারা পাড়ার কার্বারি মাংফর ম্রোসহ চারজনকে নিয়ে যায়।আতঙ্কগ্রস্ত এক পাড়াবাসী মুঠোফোনে জানান, অপহরণকারীরা পাড়াবাসীদের বাড়াবাড়ি না করতে হুমকি দিয়েছে। এদিকে অপহূত চারজনের মধ্যে পাড়া কার্বারি মাংফর ও চংক্রান ম্রোর নাম পাওয়া গেলেও অপর দুজনের নাম জানা যায়নি।প্রসঙ্গত, কিছুদিন আগে চারজন ম্রোকে এমএনপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেংরিং পাড়া থেকে গ্রেপ্তার করে বিজিবি। তবে মেনরুম ম্রো এমএনপি নামে তাঁরা কোনো সংগঠন করে না দাবি করে বলেছেন, গ্রেপ্তার ওই চারজন ম্রোর সঙ্গে তাঁদের কোনো পরিচয়ও ছিল না। ওই চারজনের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এ কারণে তাঁরা ওই চারজনকে অপহরণ করেছেন।