বান্দরবানে প্রথম আলো বন্ধুসভার ভাঁজপত্র প্রকাশ
বান্দরবানে প্রথম আলো বন্ধুসভা ষোল নামের একটি ভাঁজপত্র প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার জন্য এটি প্রকাশ করেছে বলে বন্ধুসভার সহসভাপতি ও সম্পাদক মো. জুয়েল জানিয়েছেন।ভাঁজপত্রে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হয়েছে। এতে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত বিভক্তি ও বাংলা ভাষাকে অস্বীকৃতি থেকে স্বাধিকার আন্দোলনের সূত্রপাত হওয়ার কথা বলা হয়েছে। পরে স্বাধিকার থেকে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ বা বিজয় অর্জনের বিষয়গুলো সহজবোধ্যভাবে পাঠকদের সামনে আনা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধে বান্দরবানের শহীদ হওয়া টিএম আলীর কথা, মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধে বান্দরবানে সংঘটিত মুখোমুখি যুদ্ধে একমাত্র শহীদ টিএম আলী বীর প্রতীক খেতাব পেয়েছেন। কিন্তু স্বাধীনতার ৪০ বছরেও তাঁর সন্তানেরা জানতেন না তিনি বান্দরবানে শহীদ হয়েছেন প্রত্যন্ত এক গ্রামে তাঁকে কবর দেওয়া হয়েছে। সাংবাদিকদের লেখনীতে তাঁর পরিবার খুঁজে পেয়েছে টিএম আলীর কবর। টিএম আলীর দুই ছেলে আবদুর রাজ্জাক ও আবদুল হামিদের বাবার কবর খুঁজে পাওয়ার মর্মস্পর্শী দৃশ্য ভাঁজপত্রে তুলে আনা হয়েছে। ভাঁজপত্রের সম্পাদক জুয়েল এবং সম্পাদনা পরিষদের অন্যরা হলেন বন্ধুসভার জেলা সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, অর্থ-সম্পাদক উজ্জ্বল কুমার নাথ ও সদস্য মো. রাশেল।