বান্দরবানে প্রথম আলোর প্রতিনিধির ওপর হামলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা গত শুক্রবার প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনার অজুহাত তুলে তিনি হামলার চেষ্টা চালান। মূলত শুক্রবার প্রথম আলোতে ‘শিশু একাডেমীর গাছ কেটে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ নির্মাণ’ শীর্ষক খবর প্রকাশ করায় বুদ্ধজ্যোতির ওপর ক্ষিপ্ত ছিলেন ক্যশৈহ্লা মারমা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্যশৈহ্লা মারমা দুপুর ১২টার দিকে একটি পত্রিকার কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে বান্দরবান প্রেসক্লাবে আসেন। তিনি আসার কিছুক্ষণ পরে বুদ্ধজ্যোতি চাকমার বন্ধু ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে রাজ্জাক অনুষ্ঠানস্থলে আসেন। তিনি এসে হাসতে হাসতে বুদ্ধজ্যোতিকে উদ্দেশ করে বলেন ‘ওই মগ, তুমি ওখানে কী করছ?’ (এ রকম কথা তাঁরা দুজনে সব সময় বলে থাকেন)। জবাবে বুদ্ধজ্যোতি বলেন, ‘কী করব, এ এলাকাটাই হলো মগের মুলুক।’ (মারমা সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসেবে অনেকে রসিকতা করে বান্দরবানকে মগের দেশ বা মুলুুক বলেন, কারণ মারমাদের একসময় মগ বলা হতো)।’ এ কথা শুনে পাশে বসা ক্যশৈহ্লা মারমা তাঁকে হেয় করা হচ্ছে অজুহাত তুলে বুদ্ধজ্যোতির ওপর হামলার জন্য তেড়ে যান। আশপাশের লোকজন বুদ্ধজ্যোতিকে রক্ষা করেন। ক্যশৈহ্লা এ সময় বুদ্ধজ্যোতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মেরে হাত-পা ভেঙে দেবেন বলে প্রকাশ্যে হুমকি দেন। যোগাযোগ করা হলে বুদ্ধজ্যোতি বলেন, জেলা পরিষদ চেয়ারম্যানের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের বিষয়ে ক্যশৈহ্লা মারমার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গতকাল রাতে একাধিকবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী এস কে রাজ্জাক জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।