বান্দরবানে প্রধান শিক্ষকের অপসারণ দাবি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবান জেলা শহরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা।গত বৃহস্পতিবার ওই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।অভিভাবকদের ভাষ্যমতে, প্রধান শিক্ষক আবুল কাশেম ২০০৯ সালে যোগদানের পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড ও পাঠদানব্যবস্থা অচল করে ফেলেছেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার পরও গত জানুয়ারিতে তাঁকে ওএসডি করে রাখা হয়। সম্প্রতি তিনি নিজেই নতুন একটি তদন্ত কমিটি গঠন করে তাঁর পক্ষে প্রতিবেদন করিয়ে আবারও বিদ্যালয়ে যোগ দিয়েছেন।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূরুল আফছার প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ দুজন পদত্যাগ করায় বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস এবং তদন্ত কমিটির আহ্বায়ক ইসলাম বেবি গত ১৮ এপ্রিল পদত্যাগ করেন। বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করে তাঁরা পদত্যাগ করেছেন বলে ইসলাম বেবি স্বীকার করেন।তবে প্রধান শিক্ষক আবুল কাশেম অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।