বান্দরবানে প্রবাসীর স্ত্রীসহ দুই নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনায় ও স্বামীর নির্যাতনে দুই নারীর মৃত্যু হয়েছে। ডাকাতির ঘটনায় নিহত নারী আরাকানি রোহিঙ্গা এবং তাঁর এদেশীয় স্বামী মালয়েশিয়াপ্রবাসী বলে জানা গেছে।এদিকে গতকাল শুক্রবার বান্দরবান সরকারি মহিলা কলেজের এক আদিবাসী ছাত্রীকে বালাঘাটা বাজারে শ্লীলতাহানি ও গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের কর্মচারী নাইসা মং মারমা বাধা দেওয়ায় ও ছবি তোলায় দুর্বৃত্তরা তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, লামা সদর ইউনিয়নের চিউনিমুখ বরিশালপাড়ায় মালয়েশিয়াপ্রবাসী আবদুস সালামের স্ত্রী শামসুন্নাহার (২৮) দুই শিশুসন্তানসহ থাকতেন। দুই দিন আগে স্বামী ১৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, ওই টাকার কারণে শামসুন্নাহারকে হত্যা করা হতে পারে। একই উপজেলার সরই ইউনিয়নের হাবিবুর রহমানপাড়ায় আবদুল মতলবের স্ত্রী জাহানারা বেগম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আবদুল মতলব খেজুরগাছ থেকে পড়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে দাবি করেছেন। তবে এলাকার লোকজন বলেছেন, আবদুল মতলব গত ৩০ জানুয়ারি তাঁর স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করেছিলেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও সুস্থ না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।হাবিবুর রহমানপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনের সময় লামা থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন বলেছেন, আবদুল মতলব ও তাঁর পরিবারের সদস্যদের কথাবার্তায় গরমিল পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবান সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক ফারজানা আক্তার ছাত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ওই ছাত্রী তার বাবার সঙ্গে বাজারে গিয়েছিল। বান্দরবান বাজারে যাওয়ার সময় বালাঘাটা বাজারে ইমরান হোসেনের নেতৃত্বে কয়েকজন ছাত্রীটিকে উত্ত্যক্ত করে। ছাত্রী বাধা দিলে তাকে ধাক্কা দেয় এবং অশ্লীল ভাষায় গালাগাল করে। বান্দরবান বাজার থেকে ফেরার সময় আবারও ইমরানরা তাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের কর্মচারী নাইসা মং মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করলে ফোন কেড়ে নিয়ে ইমরানরা পালিয়ে যায়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেছেন, ছাত্রী অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।