বান্দরবানে প্রবীণতম খুমি মুরব্বি খয়খিংয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা উপজেলায় খুমি আদিবাসী সমাজের প্রবীণতম মুরব্বি খয়খিং খুমি (৭০) গতকাল সোমবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের প্রদাহজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, খয়খিং গতকাল ভোরের দিকে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি—এই তিন উপজেলার প্রায় আড়াই হাজার জনসংখ্যার খুমি আদিবাসী সমাজে খয়খিং ও তাঁর পরিবার সবার পরিচিত। তাঁর চার ছেলে ও চার মেয়ে। সবাইকে তিনি কমবেশি লেখাপড়া শিখিয়েছেন। খুমি জনগোষ্ঠীর মধ্যে এখনো পর্যন্ত একমাত্র স্নাতক ডিগ্রিধারী লেলুং খুমি তাঁর ছেলে। খয়খিংয়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খুমি সমাজে শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখতে এবং মরদেহ সৎ কারে অংশ নিতে গতকাল থেকে খুমিরা রোয়াংছড়ি, থানচিসহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে কালাইনপাড়ায় যাচ্ছে বলে জানা গেছে। খয়খিংয়ের ছেলে লেলুং খুমি বলেন, বিভিন্ন এলাকা থেকে আত্মীয়স্বজন ও পরিচিত জনেরা এসে পৌঁছার পরই তাঁর বাবার মরদেহ কখন সৎ কার করা হবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে।খুমি নেতা সিয়ং খুমি বলেছেন, খয়খিং কখনো বড় কোনো পদে ছিলেন না। কিন্তু তিনি ছিলেন খুমি সমাজে একজন বিজ্ঞ-অভিজ্ঞ অভিভাবক। তাঁর মৃত্যুতে খুমি সমাজ সেই অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে ম্রো আদিবাসী নেতা রাংলাই ম্রো ও বম আদিবাসী নেতা জুয়ামলিয়ান আমলাই গভীর শোক প্রকাশ করেছেন।