বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জঙ্গলে বোমা ও অস্ত্র তৈরির প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার অভিযোগে গ্রেপ্তার দুই জঙ্গি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পুলিশ ওই তথ্যের ভিত্তিতে সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালাতে পারে। গত সোমবার ওই দুই জঙ্গির পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ সূত্র এ কথা জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও থানচি থানার উপপরিদর্শক (এসআই) মীর কাশিম আলী জানান, জিজ্ঞাসাবাদে ওই দুই জঙ্গি থানচি ও লামা উপজেলার মধ্যবর্তী দুর্গম পাহাড়ের কলাইপাড়া এলাকার গহিন জঙ্গলে ইসলামি জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা স্বীকার করেছেন। তাঁরা প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের বেশ কয়েকজন অর্থায়নকারী, বোমা ও অস্ত্র তৈরির যন্ত্রপাতি সরবরাহকারীদের সম্পর্কে তথ্য দিয়েছেন। তাঁরা জঙ্গিদের মধ্যে পারস্পরিক যোগাযোগের নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য দিয়েছেন। এসব তথ্যের ভিত্তিতে আরও তদন্ত করে সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে। গত ২৯ মার্চ কলাইপাড়া এলাকা থেকে শামীম মাহফুজ (৩৫) ও ইসমাইল হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বোমা ও অস্ত্র তৈরির যন্ত্রপাতি, জিহাদি বই, বোমা তৈরির প্রণালি, বারুদ, এক হাজার ৫০০ দেশলাইসহ ১৫০ রকমের প্রশিক্ষণ সরঞ্জাম পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ওই দুর্গম পাহাড়ের জঙ্গলে অভিযান চালিয়ে গ্রেনেডের খোল ও গ্রেনেড তৈরির উপকরণ পুলিশ উদ্ধার করে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার মূল উদ্যোক্তা শামীম মাহফুজের সঙ্গে বড় ধরনের জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ আছে। ওই গ্রেনেড তৈরির উপকরণ ঢাকায় তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে জানালেও হস্তান্তরকারীদের নাম-ঠিকানা জানেন না বলে দাবি করেন। পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান জানান, জিজ্ঞাসবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। তদন্তে সত্যতা মিললে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারকৃতদের ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।