বান্দরবানে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি জেএসএস
বান্দরবানে পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী নির্বাচন করবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা। দলীয় প্রার্থী না থাকলে পরিচ্ছন্ন ভাবমূর্তির নির্দলীয় কোনো প্রার্থীকে সমর্থন দেবে দলটি। গতকাল রোববার জেএসএস নেতারা প্রথম আলোকে জানিয়েছেন।
বান্দরবান আঞ্চলিক পরিষদের সদস্য ও জেএসএসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং বলেন, বান্দরবানে পৌর নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা কম। তবে পরিচ্ছন্ন ভাবমূর্তির কেউ নির্দলীয় প্রার্থী হলে তাঁকে জেএসএস সমর্থন দেবে।
জেএসএসের বান্দরবানের জেলা সভাপতি উছোমং মারমা বলেন, আগামী ২ ডিসেম্বর পার্বত্যচুক্তির বর্ষপূতি উদ্যাপন অনুষ্ঠান শেষে পৌর নির্বাচনের করণীয় নির্ধারণে জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভায় দলীয় প্রার্থী দেওয়া না দেওয়া অথবা অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেএসএসের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা বলেন, মেয়র প্রার্থীরা তাঁদের দলীয় সমর্থন লাভের জন্য ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন। সভায় দলীয়ভাবে প্রার্থী দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হতে পারে।