বান্দরবানে বরাদ্দের ১৭ বছর পর ঢেউটিন বিতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে মুক্তিযোদ্ধাদের জন্য ৯৬-৯৭ অর্থবছরে বরাদ্দ ঢেউটিন ১৭ বছর পর গতকাল মঙ্গলবার বিতরণ করা হয়েছে। প্রত্যেককে দেড় বান করে ঢেউটিন দেওয়া হয়।

৫৩ জন মুক্তিযোদ্ধার তালিকায় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা এবং কেউ কেউ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীতে কর্মরত থাকা লোকজনও রয়েছেন অভিযোগ তুলে খোদ মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলা মুক্তিযোদ্ধা অধিনায়ক আবুল কাশেম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের দুজন মুক্তিযোদ্ধাকে বান্দরবান ও আশপাশের জেলায় অনুসন্ধান চালিয়েও তাঁদের কোনো হদিস পাওয়া যায়নি। আবার জেলা যাচাই-বাছাই কমিটিতে তালিকাভুক্ত হতে না পেরে মন্ত্রণালয় থেকে তালিকায় নাম লিখে নিয়ে আসা মুক্তিযোদ্ধাও অনেকে রয়েছেন।

 জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের একক কোনো তালিকা না পাওয়ায় এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের কারণে ১৯৯৬-৯৭ সালের বরাদ্দপ্রাপ্ত ঢেউটিন প্রায় ১৭ বছর পর বিতরণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছিল। 

  জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে ঢেউটিন বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রমুখ।

 মুক্তিযোদ্ধা আবদুল ওহাব (সাবেক উপসচিব) ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বলেছেন, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত অনেককে তাঁরা কখনো দেখেননি। এসব ভুয়া ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া না হলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন হবে।

 মুক্তিযোদ্ধা জেলা অধিনায়ক আবুল কাশেম বলেন, মন্ত্রণালয় থেকে ৫৮ জন মুক্তিযোদ্ধার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে হাবিলদার আবদুল আলী ভূঁইয়া ও সিপাহি আনা মিয়া নামের দুজনের হদিস পাওয়া যায়নি। দুজনকে দুবার তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে করাচিতে পাকিস্তানি বাহিনীতে কর্মরত থাকা, রাজাকার ও রাজাকার সহযোগী অনেককেও মন্ত্রণালয়ের তালিকায় পাওয়া গেছে। তাঁরাও দেড় বান করে ঢেউটিন পেয়েছেন বলে কাশেম জানিয়েছেন।

 বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, মন্ত্রাণলয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ঢেউটিন বিতরণ করা হচ্ছে। এর আগেও প্রশাসন থেকে কয়েকবার বিতরণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন না থাকায় এবং পাল্টাপাল্টি অভিযোগে তা করা সম্ভব হয়নি।