বান্দরবানে বিএনপি ও জনসংহতি সমিতি (জেএসএস) অনানুষ্ঠানিক সমঝোতার মাধ্যমে উপজেলা নির্বাচন করছে। দলীয় সূত্রগুলো এ কথা জানিয়েছে।
তবে উভয় দলের নেতারা বলছেন, নির্বাচনের জন্য আনুষ্ঠানিক কোনো জোট হয়নি।
দলীয় সূত্র জানায়, জেলায় ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রথম দফা নির্বাচনে চারটি উপজেলার দুটিতে বিএনপি ও দুটিতে জেএসএসের নেতারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র জানায়, আলীকদম ও বান্দরবান সদর উপজেলায় দুই দল থেকে আলাদা প্রার্থী দেওয়া হতে পারে।
দলীয় সূত্রগুলো জানায়, বিজয়ী হওয়ার সম্ভাবনার ভিত্তিতে প্রার্থী, বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীকে সমর্থন দেওয়ার ব্যাপারে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা কম হওয়ায় রোয়াংছড়ি উপজেলায় জেলা জেএসএসের সাধারণ সম্পাদক ক্যবামং মারমা ও রুমায় উপজেলা জেএসএসের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অংথোয়াইচিং মারমাকে প্রার্থী করা হয়েছে।
আবার জেএসএসের সম্ভাবনা না থাকায় থানচিতে উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান খামলাই ম্রো এবং লামায় উপজেলা বিএনপির সভাপতি থোয়াইনু চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সমঝোতা হতে পারে।
জেএসএসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, জেএসএস নির্বাচনী কৌশল হিসেবে বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক বোঝাপড়া করতেই পারে।
কিন্তু উপজেলা নির্বাচনের জন্য কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সমঝোতা হয়নি। কোনো উপজেলায় বিএনপি যদি জেএসএস প্রার্থীকে সমর্থন দিয়ে থাকে, তাহলে তারা তাদের স্বার্থে দিতে পারে। একইভাবে জেএসএসও যেখানে দলের প্রার্থী নেই, সেখানে অন্য দলের প্রার্থীকে সমর্থন দিতে পারে।
জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী বলেন, রুমা ও রোয়াংছড়িতে দলের শক্তিশালী চেয়ারম্যান পদপ্রার্থী পাওয়া যায়নি। এ জন্য বিএনপি ওই দুই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে এবং থানচিতে শুধু চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। সে ক্ষেত্রে বিএনপি অবশ্যই অন্য দল-সমর্থিত প্রার্থীদের সমর্থন দেবে।