বান্দরবানে বিজিবির গাড়ি খাদে পড়ে ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় গতকাল বুধবার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে চালকসহ ছয়জন আহত হয়েছেন।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিজিবির সদস্যরা জেলা প্রশাসনের একটি গাড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। গজালিয়া ইউনিয়নের ডিসির মোড় এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে হাবিলদার শহীদুল ইসলাম, ল্যান্স নায়েক শিবু, সিপাহি ইব্রাহিম, হানিফ ও শাহাবুদ্দিন এবং গাড়ির চালক সমীর আহত হন। তাঁদের মধ্যে শহীদুল, শিবু ও সমীরকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। এ ছাড়া আহত আরও তিনজনকে সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।