বান্দরবানে চার উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। বিদ্রোহী প্রার্থীরা অনেকে কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ রয়েছে দাবি করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
লামা উপজেলায় বিদ্রোহী প্রার্থী সেতারা বেগমের পক্ষে সরাসরি প্রচারণা চালাচ্ছেন বিএনপির আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক মাম্যাচিং মারমা। মাম্যাচিং বলেন, প্রার্থী মনোনয়নে তাঁদের মতামত না নেওয়ায় দলীয় সমর্থিত প্রার্থী সম্পর্কে তাঁরা অবহিত নন। এ জন্য জনমত যাচাই করে তাঁরাও প্রার্থী দিয়েছেন।
দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, লামা উপজেলায় দলের সমর্থিত থোয়াইনু মারমা ছাড়াও দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আলীকদম ও বান্দরবান সদর উপজেলায় একজন করে বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৪ ফেব্রুয়ারি শেষ দিনেও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না জানা গেছে। নাইক্ষ্যংছড়িতেও বিদ্রোহী আছে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।
বান্দরবানে বিএনপি দীর্ঘদিন ধরে মামি-ভাগনে সম্পর্কের বোমাং রাজপরিবারের মাম্যাচিং (মামি) ও সাচিংপ্রু জেরীকে নিয়ে দ্বিধাবিভক্ত। জেরী জেলা সভাপতি ও মাম্যাচিং আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক। জেলায় দলীয় মূল কর্মকাণ্ড জেরী পরিচালনা করছেন দাবি করেন।
আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী না থাকায় স্বাচ্ছন্দ্য থাকলেও অনেক উপজেলার প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি দুর্বল বলে ভোটাররা জানিয়েছেন। রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় বিএনপি ও জনসংহতি সমিতি অনানুষ্ঠানিক সমঝোতায় নির্বাচন করছে।
সদর উপজেলার বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নিজেকে বিদ্রোহী মনে করেন না জানিয়ে বলেছেন, তিনি দলের কেন্দ্রীয় অনেক নেতার আশীর্বাদ নিয়ে নির্বাচন করছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশ তাঁর পক্ষে সার্বক্ষণিক কাজ করছে।
তবে বিএনপির মূল প্রার্থী আবদুল কুদ্দুস বলেছেন, জাহাঙ্গীর প্রার্থী হলেও নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারবেন না। লামার বিদ্রোহী প্রার্থী আবু মুসা বলেছেন, দলের কোনো অংশের সমর্থন না পেয়ে তিনি এককভাবে নির্বাচন করছেন। তবে দলের অনেক নেতা-কর্মী তাঁর জন্য কাজ করছেন।
সাচিংপ্রু জেরী বলেছেন, ভোটাররা দলের প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। এ জন্য বড় দল হিসেবে বিএনপির কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হলেও দলীয় প্রার্থীর জন্য কোনো প্রভাব পড়বে না।