বান্দরবানে বোমাং রাজপুণ্যাহ আগামী ৩ জানুয়ারি
বান্দরবানে বোমাং সার্কেলের ১৩৭ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ আগামী ৩ জানুয়ারি শুরু হবে। রাজপরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে বোমাং রাজা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজদরবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। রাজপদে অধিষ্ঠিত হওয়ার পর ১৬তম বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরীর (কে এস প্রু) এটি হবে প্রথম রাজপুণ্যাহ। রাজপরিবারের সদস্যরা বলেছেন, গতকাল সোমবার বিকেলেও রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা রাজপুণ্যাহ উৎসবের প্রস্তুতির জন্য দরবার (বৈঠক) করেছিলেন। নতুন বোমাং রাজার পুণ্যাহ ও পুণ্যাহ উৎসব পরিচালনায় অভিজ্ঞতা না থাকায় অভিজ্ঞ ব্যক্তিরা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। জুমিয়া আদিবাসী প্রজাদের কাছ থেকে বোমাং রাজার খাজনা বা জুম রাজস্ব আদায়ের আনুষ্ঠানিকতাকে রাজপুণ্যাহ উৎসব বলা হয়।রাজপরিবারের ইতিহাস থেকে জানা যায়, ১৮৭৫ সাল থেকে ধারাবাহিকভাবে বোমাং রাজারা রাজপুণ্যাহ করে আসছেন। খাজনা আদায়ের এ আনুষ্ঠানিকতাকে ঘিরে পুণ্যাহ মেলারও আয়োজন করা হয়। রাজপরিবারের সূত্রগুলো জানায়, এবারের রাজপুণ্যাহর মূল আনুষ্ঠানিকতায় রাঙামাটি চাকমা সার্কেলের চাকমা রাজা দেবাশীষ রায়, খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।