বান্দরবানে বোমাং রাজপুণ্যাহ উৎসব ১৯ জানুয়ারি থেকে
বান্দরবানে ১৩৬ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসব আগামী ১৯ জানুয়ারি শুরু হবে। গতকাল রোববার রাজদরবারের কর্মকর্তারা এ কথা জানান।এবার রাজবাড়ির পুণ্যাহ ও রাজার মাঠের পুণ্যাহ মেলা পাঁচ দিন চলবে বলে জানা গেছে। বোমাং রাজদরবার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বোমাং রাজপরিবারের আর্থিক দৈন্যদশার কারণে কয়েক বছর ধরে রাজপুণ্যাহ উৎসব আয়োজনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পৃষ্ঠপোষকতা করে আসছে।রাজদপ্তরের দাপ্তরিক প্রধান অরুণকান্তি দাশ বলেন, কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫তম বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী পুণ্যাহ উৎসবের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।রাজপরিবার সূত্রগুলো জানায়, খাজনা আদায়ের পুণ্যাহ উৎসবে এবার পার্বত্য চট্টগ্রামের ভূমি ও জুম রাজস্ব বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। ১৯০০ সালের পর থেকে এ অঞ্চলে আর কোনো ভূমি-রাজস্ব বাড়ানো হয়নি।বান্দরবান বোমাং সার্কেলের (ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রামকে চাকমা, বোমাং ও মং—তিনটি সার্কেলে বিভক্ত করে তিন রাজা বা চিফের অধীনে রাখা হয়) রাজার জুমিয়া আদিবাসী প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিক খাজনা বা জুম রাজস্ব আদায় উপলক্ষে যে উৎসবের আয়োজন হয়, তাকে রাজপুণ্যাহ বলা হয়।