বান্দরবানে বৌদ্ধ পারিবারিক আইনের খসড়া তৈরির লক্ষ্যে গোলটেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বৌদ্ধ পারিবারিক আইনের খসড়া তৈরির লক্ষ্যে গতকাল মঙ্গলবার বৌদ্ধধর্মাবলম্বী নেতাদের এক গোলটেবিল বৈঠক হয়েছে। বৈঠকে নেতারা বিভিন্ন জনগোষ্ঠীর সামাজিক আইনের স্বাতন্ত্র্য রক্ষা করে বৌদ্ধ পারিবারিক আইন করা দরকার বলে একমত পোষণ করেছেন।জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বোমাং রাজা ক্যসাইন প্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা উপস্থিত ছিলেন। এ ছাড়া সমতলের বড়ুয়া ও পার্বত্য বান্দরবানের আদিবাসী বৌদ্ধধর্মাবলম্বী জনপ্রতিনিধি, সামাজিক প্রতিষ্ঠানের নেতারা, সুশীল সমাজের লোকজন অংশ নেন। বৌদ্ধধর্মাবলম্বী আদিবাসী নেতারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ১১টি আদিবাসী জনগোষ্ঠীর প্রত্যেকের প্রথাগত সামাজিক আইন রয়েছে। ওই আইনকে ব্যক্তিগত ও পারিবারিক আইন হিসেবে নিয়ে প্রত্যেকের সমাজব্যবস্থা সঞ্চরণাতীত কাল থেকে পরিচালিত হয়ে আসছে।বোমাং রাজা ক্যসাইন প্রু চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীগুলো নিজস্ব আইন নিয়ে চলে। সে জন্য বৌদ্ধ পারিবারিক আইন করতে হলে সুচিন্তিতভাবে ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে করতে হবে। তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেছেন, পবিত্র ত্রিপিটকে বৌদ্ধ আইন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। এ জন্য বৌদ্ধ পারিবারিক আইন কিসের ভিত্তিতে করা হবে, তা বিবেচনার বিষয়। ম্রো সামাজিক পরিষদের সভাপতি রাংলাই ম্রো বলেছেন, উদ্যোগ নেওয়াটা ভালো হয়েছে। কিন্তু অন্যান্য দেশে কোথাও বৌদ্ধ আইন থাকলে তা-ও খতিয়ে দেখা দরকার। যে আইন প্রণয়নের কথা বলা হচ্ছে, তা শুধু কি সমতলের বৌদ্ধদের জন্য প্রযোজ্য অথবা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য হবে—এসব বিবেচনায় নিতে হবে। অধ্যাপক শিমুল বড়ুয়া বলেছেন, বৌদ্ধ পারিবারিক আইনের খসড়া তাঁরা অনেক আগে তৈরি করেছেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বৌদ্ধদের মতামত নেওয়া জরুরি বলে তাঁদের কাছে এসেছেন। তিনি বলেন, যেকোনো আইনের উৎস হচ্ছে সামাজিক আইন, প্রথা, রীতিনীতি। সেগুলোকে লালন-ধারণ করেই বৌদ্ধ ধর্মের অনুসারীদের সর্বজনীন একটি পারিবারিক আইন করা দরকার।