বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু উ. নাইন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
বান্দরবানের প্রাচীন উজানীপাড়া বৌদ্ধবিহারের ভিক্ষু উ. নাইন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। ডুং বাজিতে তাঁর মরদেহে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া মারমাদের ঐতিহ্যবাহী সাইন নৃত্য পরিবেশন করা হয়।বিহার সূত্রে জানা গেছে, উ. নাইন্দা মহাথেরো গত এপ্রিলে ৭০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এত দিন তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে বিহার প্রাঙ্গণে গত বৃহস্পতিবার শুরু হয় দুই দিনব্যাপী বৌদ্ধ সাংস্কৃতিক মেলা। এতে ধর্মীয় নাটক, মারমাদের জাইক, য়ইং নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।বিহারের অধ্যক্ষ উ. সুমঙ্গল মহাথেরোর পৌরোহিত্যে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ডনবসকো উচ্চবিদ্যালয় মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল অনুষ্ঠান শুরু হয়। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর ও গণ্যমান্য ব্যক্তি, হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষ ও দেশি-বিদেশি পর্যটক অংশ নেয়।এ সময় মারমা শিল্পীরা প্রয়াত উ. নাইন্দা মহাথেরোর মরদেহ কাঁধে নিয়ে বাদ্যের তালে তালে নাচতে থাকে। মারমাদের বিশ্বাস, এভাবে প্রয়াত মহাথেরোর আত্মা চাইং ক্যং বা স্বর্গে পৌঁছাবে। বিহার পরিচালনা কমিটির সভাপতি ও বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রু জিমি বলেছেন, উ. নাইন্দা মাত্র সাত বছর বয়সে প্রব্রজ্যা গ্রহণ (গৈরিক বস্ত্রধারণ) করে ধর্ম সাধনা শুরু করেন। পরে মিয়ানমারে বৌদ্ধ ধর্মতত্ত্বে উচ্চশিক্ষা নেন। তিনি ২০ বছর বয়সে ভিক্ষুত্ব লাভ করেন।