বান্দরবানে ভাবের গানে লালন-স্মরণ
বান্দরবানে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় গত ২৬ এপ্রিল মরমি সাধক লালন সাঁইয়ের ১২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সাধুসঙ্গ, আলোচনা সভা ও লালনগীতির আসরের আয়োজন করা হয়। সংগীত আসরে লালনগীতি শুনিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীরা।
জেলা শহরের নিউ গুলশানের একটি বাড়িতে লালন পরিষদ বান্দরবানের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন লালনগীতির শিল্পী দীপক আচার্য। লালন সাঁইয়ের জীবন ও মরমি সাধনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম।
প্রবন্ধে আবুল কাশেম বলেন, বর্তমান বিশ্বে জাতিগত ও ধর্মীয় সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করতে হলে লালনের অসাম্প্রদায়িক চেতনার অনুশীলন জরুরি। প্রধান অতিথি দিলীপ কুমার বণিক বলেন, লালন সাঁইয়ের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান পরিচয়ের চেয়েও মানুষের পরিচয়টা ছিল বড়।
আলোচনা শেষে শুরু হয় সংগীতের আসর। চট্টগ্রামের দীপক আচার্য ও লুপর্ণা মুৎসুদ্দির গানে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। তাঁদের পাশাপাশি গান পরিবেশন করেন সুশীল বড়ুয়া, দীপক বড়ুয়া ও মিলন ভট্টাচার্য। তাঁদের গানে মুগ্ধ শ্রোতা-দর্শক একটার পর একটি গান গাওয়ার অনুরোধ করায় সাংস্কৃতিক সন্ধ্যা গভীর রাত অবধি গড়িয়ে যায়।