বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা প্রশাসন ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে এসে স্বচ্ছ ও দ্রুততম সময়ে মানুষকে তথ্যসেবা প্রদানের উদ্যোগ নিচ্ছে। এ বছরের মধ্যে জেলার ৩১ ইউনিয়নে একটি করে মৌজার ভূমি মালিকানার জমাবন্দিসহ সব দলিল ডিজিটাইজ করা হবে।
গতকাল শনিবার জনসেবা সপ্তাহ উপলক্ষে বান্দরবান জেলা তথ্য কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম এ কথা বলেছেন।
বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহতাব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জেলা প্রশাসকের আওতায় থাকা ভূমি প্রশাসনের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরে বলেন স্তরে স্তরে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না। ১০ লাইনের একটি দরখাস্ত লিখতে দলিল লেখকদের ২০০ থেকে ২৫০ টাকা, একটি জমাবন্দির জন্য ২০০ থেকে ৫০০ টাকা দিতে হয়। এ জন্য সরকারি দপ্তর ও দপ্তরের বাইরের সুবিধাভোগী চক্র ভূমি প্রশাসনের স্বচ্ছতা চায় না।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম অকপটে স্বীকার করে বলেন তাঁর দপ্তরে কিছু মধ্যস্বত্বভোগী বা দালাল রয়েছে। তাদের কারণে সাধারণ মানুষকে সহজ উপায়ে সেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না। এ জন্য ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ তথ্যসেবার আওতায় আনার জন্য ক্রমান্বয়ে ডিজিটাইজ করা হবে উল্লেখ তিনি বলে ডিজিটাল হলে দালালদের দৌরাত্ম্য ও দুর্নীতি কমে যাবে এবং মানুষও হয়রানি হবে না।
লিখিত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী বছরের মধ্যে বান্দরবানের সব সরকারি দপ্তরকে জাতীয় ই-সার্ভিস সিস্টেমে সমগ্র দেশের সঙ্গে একই নেটওয়ার্কে নিয়ে আসা সম্ভব হবে। ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোও জাতীয় নেটওয়ার্কে নিয়ে আসা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক সেবার জন্য জেলা শহর এমনকি উপজেলা শহরমুখী হতে হবে না।