বান্দরবানে ভেজাল এমওপি সার সন্দেহের তদন্তেও সন্দেহ!
বান্দরবানে ভেজাল সন্দেহে বিক্রি ও বিতরণ বন্ধ করে দেওয়া মিউরেট অব পটাশ (এমওপি) সার তদন্তে অস্বচ্ছতার অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদের গঠিত তদন্ত কমিটিকে অবহিত না করে সারের নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে কমিটির সদস্যরা কেউ কেউ বলেছেন।তবে কৃষি কর্মকর্তারা বলেছেন, তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠানো এমওপি সারের রাসায়নিক পরীক্ষায় ভেজালের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য ওই সার এখন বিক্রি ও বিতরণ করা হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক (ডিডি) আবুল কালামকে প্রধান করে পাঁচজনকে নিয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বলেছেন, তদন্ত কমিটি ১১ ডিসেম্বর হলেও তাঁরা ২৪ ডিসেম্বর চিঠি পেয়েছেন। এ জন্য কাজ শুরু করতে বিলম্ব হয়েছে।ডিডি আবুল কালাম বলেছেন, ভেজাল সন্দেহ হওয়া সারের রাসায়নিক পরীক্ষা করা হয়েছে। ছয়টি স্থান থেকে সংগ্রহ করে পাঠানো নমুনায় কোথাও ভেজালের প্রমাণ পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে অনেক কৃষিবিদ বলেছেন, এমওপি সার প্রয়োগে মাটি লাল রং ধারণ ও লাল প্রলেপ তৈরি হওয়া কোনো অবস্থায় স্বাভাবিক নয়। দেখা দরকার, এটা মাটি ও ফসলের জন্য ক্ষতিকর কি না। তদন্ত কমিটির সদস্য ও কৃষি বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আলতাফ হোসেন তদন্ত কমিটি নিয়ে কোনো অস্বচ্ছতা নেই উল্লেখ করে বলেছেন, এমওপি সারের মূল উপাদান ঠিক রয়েছে। এ জন্য মাটি লাল রং ধারণ করলেও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে তাঁদের ধারণা।তদন্ত কমিটির আরেক সদস্য উদ্যানতত্ত্ববিদ রফিকুল ইসলাম বলেছেন, মাটিতে অতিরিক্ত ক্ষার থাকার কারণে এমওপি সার প্রয়োগ করলে লাল হচ্ছে কি না, প্রয়োজনে মৃত্তিকাবিজ্ঞানি নিয়ে পরীক্ষা করা হবে। জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের বাগানে বিএডিসির সরবরাহ করা এমওপি সার প্রয়োগ করার পর মাটি লাল রং ধারণ করে। মাটিতে এক ইঞ্চি পুরু একটি লাল রঙের প্রলেপ তৈরি হয়। এ অবস্থায় প্রয়োগকৃত এমওপি সার ভেজাল সন্দেহ হওয়ায় জেলা পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তখন এমওপি সার বিক্রি ও বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছিল।