বান্দরবানে আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, জেলার শত শত একর ভূমি বহিরাগত ব্যক্তিদের দখলে চলে গেছে। আদিবাসী এবং স্থানীয় বাঙালিদের ভয়ভীতি দেখিয়ে ভূমিদস্যুরা এসব জমি দখল করেছে। অনেক এলাকা থেকে আদিবাসী ও স্থানীয় বাঙালিদের উচ্ছেদ করেছে ভূমিদস্যুরা।গতকাল রোববার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তারিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জামান, জেলা পরিষদের সদস্য কাজী মজিবুর রহমান, জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিরা। সভায় উপস্থিত বেশ কয়েকজন জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, লামা উপজেলার ফাইতংয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর জালিয়াতি করে ভূমি দখল করেছেন। তিনি স্থানীয়দের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছেন। জেলা পরিষদের সদস্য কাজী মজিব বলেন, ‘ভূমিদস্যুরা এখানে এসে আমাদের জায়গা-জমি দখল করুক, আমরা তা চাই না। ভূমিদস্যুরা অবাধে হাজার হাজার একর ব্যক্তিমালিকানাধীন ও সরকারি খাসজমি বেদখল করেছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় মানুষ ফুঁসে উঠবে।’লামা উপজেলার চেয়ারম্যান মোহামঞ্চদ ইসমাইল বলেন, পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা জামান জালিয়াতি করে স্থায়ী বাসিন্দার সনদ নিয়েছেন। তিনি লামা উপজেলার ফাইতং ইউনিয়নে শত শত একর জমি দখল করেছেন। স্থানীয়রা বাধা দিতে চাইলে তাদের ভয়ভীতি দেখান এবং অনেককে শারীরিকভাবে নির্যাতন করছে তাঁর লোকজন। অনেকের বিরুদ্ধে মামলা করেছেন। লামা উপজেলা চেয়ারম্যান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাইতং এলাকাবাসী গতকাল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুরের কাছে লিখিত অভিযোগ করেছেন। ফাইতং মৌজার হেডম্যান উম্রামং মারমা বলেন, মোস্তফা জামান জালিয়াতি করে স্থায়ী বাসিন্দার সনদপত্র নিয়েছেন। তিনি প্রকৃতপক্ষে ফাইতংয়ের বাসিন্দা নন। অভিযোগ প্রসঙ্গে মেজর (অব.) মোস্তফা জামান জালিয়াতি করে স্থায়ী বাসিন্দার সনদ নেওয়া ও জমি কেনার কথা অস্বীকার করেন। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, তাঁর বাবা ফাইতংয়ে জমি কিনেছিলেন। সেই সূত্রে তিনি স্থায়ী বাসিন্দার সনদ নিয়েছেন। জমি দখলের জন্য কাউকে ভয়ভীতি দেখানো ও মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন। জমি দখলের অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার কামরুল আহসান বলেন, হাজার হাজার একর ভূমি বেদখল হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচিত হয়েছে। এ নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সব পুলিশ ক্যাম্প ও ফাঁড়িকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক তারিকুল ইসলাম বলেন, ভূমি দখলের অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।