বান্দরবানে মারমা গানের সুরলহরিতে বৈসাবি উৎসব শুরু
‘ঞাসইকো ক্রোছোরাফো /সাংগ্রাইং রালে রহ্লাব্যা’ (সাংগ্রাইং বা বৈসাবি এসেছে নতুন বছরকে স্বাগত জানাতে)—এভাবে মারমা গানের সুরলহরিতে গতকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বান্দরবানে আদিবাসীদের সামাজিক-সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে।বান্দরবানের ১১টি আদিবাসী জনগোষ্ঠীর এ বৈসাবি ও বাঙালির পয়লা বৈশাখের বর্ণাঢ্য এবং বৈচিত্র্যময় উৎসব প্রায় সপ্তাহব্যাপী চলবে বলে উৎসব উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে। অবশ্য গত শুক্রবার থেকে চাকমাদের ফুলবিজুর মধ্য দিয়ে বৈসাবি শুরু হয়েছিল।সকাল ১০টায় রাজবাড়ি মাঠ থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচ প্রু মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈসাবি উপলক্ষে গঠিত সাংগ্রাইং উদ্যাপন কমিটির আহ্বায়ক অং চ মং মারমা বলেন, গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও সাংগ্রাইং মূল উৎসব আজ রোববার থেকে শুরু হবে। আজ বুদ্ধমূর্তি (গোঁয়াই) স্নান ও পিঠা তৈরির উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার বিকেল তিনটা থেকে মারমাদের ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসব (ওয়াটার ফেস্টিভ্যাল) শুরু হবে।