বান্দরবানে মারমা ভাষায় প্রাথমিক শিক্ষার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বিহারভিত্তিক মারমা ভাষার প্রাথমিক শিক্ষার বার্ষিক পরীক্ষা গতকাল শুক্রবার জেলা শহরের বালাঘাটা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য ভিক্ষু পরিষদের উদ্যোগে এবার প্রথম কোনো আদিবাসী ভাষায় প্রাথমিক শিক্ষায় আনুষ্ঠানিক পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে বলে ভিক্ষু পরিষদ জানিয়েছে। পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক উ. তেজপ্রিয় ভিক্ষু বলেছেন, যুগ যুগ ধরে বৌদ্ধবিহারগুলোতে মারমার ছেলেমেয়েদের মাতৃভাষায় অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এবার তাঁরা এ শিক্ষাকে আনুষ্ঠানিক (ফরমাল) শিক্ষার আওতায় আনার প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম বার্ষিক পরীক্ষা আয়োজন করছেন। সংশ্লিষ্ট ভিক্ষুরা বলেছেন, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় তিন শতাধিক বৌদ্ধবিহার রয়েছে। এতে প্রায় ১৫০ বিহার থেকে প্রথম শ্রেণীতে ৬০ জন, দ্বিতীয়তে ৭০ জন ও তৃতীয় শ্রেণীতে ৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা মাত্র ২৫ জন। আর্থিক ও অন্যান্য সমস্যার কারণে অনেক বিহারে ছাত্রছাত্রী থাকলেও অংশগ্রহণ করতে পারেনি। উ. তেজপ্রিয় ভিক্ষু বলেছেন, তাঁরা এখনো এ দেশের উপযোগী পাঠ্যবই ও পাঠক্রম তৈরি করতে পারেননি। মিয়ানমারের আরাকানের সঙ্গে ভাষা ও সাংস্কৃতিগত নৈকট্য থাকায় আপাতত সেখান থেকে পাঠ্যবই নিয়ে এসে পাঠদান করা হচ্ছে। ভিক্ষু পরিষদের সভাপতি উ. সোমা মহাথের বলেছেন, পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিহারে মাতৃভাষায়ও পড়াশোনা করছে। দ্বিভাষিক শিক্ষায় মেধার বিকাশ ঘটাতে পারলে উচ্চশিক্ষায় সাফল্য তাদের সহজতর হবে।