বান্দরবানে মারমাসহ কয়েকটি জনগোষ্ঠীর বুদ্ধপূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে মারমা, চাক, খিয়াং, খুমি, ম্রোসহ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠী গতকাল শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বুদ্ধপূর্ণিমা উদ্যাপন করেছে। সকালে শহরে বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং মারমা জানান, ম্রাইমা সাকক্রয় পঞ্জিকা অনুযায়ী মারমাসহ আদিবাসী কয়েকটি জনগোষ্ঠী গতকাল বুদ্ধপূর্ণিমা পালন করেছে। তবে চাকমা, তঞ্চঙ্গ্যা ও সমতলের বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ রোববার বুদ্ধপূর্ণিমা উদ্যাপন করবে।
গতকাল সকাল সাড়ে আটটায় শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ জাদিপাড়ার বোমাং রাজবাড়ি এলাকা থেকে বোমাং রাজা উ চ প্রু-এর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা নিয়ে তিনি রাজবিহারে যান। এ সময় রাজবিহারের বিহারাধ্যক্ষ উ পঞা জোত মহাথের বোমাং রাজাকে স্বাগত জানান। রাজা সেখানে প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণ করেন। পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে জেলা শহরের উজানীপাড়া বিহারে গিয়েও প্রার্থনা করেন।
জেলা শহরের উজানীপাড়া, বোমাং রাজবিহার, স্বর্ণমন্দির, রামজাদি, বালাঘাটা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দিনব্যাপী পঞ্চশীল গ্রহণ (বুদ্ধ ধর্মে উপাসকদের জন্য পালনীয় মূল পাঁচটি নীতি), সইং (বিহারে ভিক্ষুদের আহার) প্রদান, সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বালাঘাটা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক উ তেজোপ্রিয় থের জানান, বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য পবিত্র দিন। বৈশাখী পূর্ণিমার এদিনে বুদ্ধের আবির্ভাব, বুদ্ধত্ব ও মহা-পরিনির্বাণ লাভ হয়েছে।