বান্দরবান সদর উপজেলার ১৬ জন মুক্তিযোদ্ধার (৮ জন বেঁচে নেই) বিরুদ্ধে মন্ত্রণালয়ে কে বা কারা অভিযোগ করেছেন। পরে মন্ত্রণালয় থেকে এই অভিযোগের অনুলিপি জেলা ও উপজেলা প্রশাসনকে পাঠানো হয়। জেলা প্রশাসন বিষয়টি যাচাইয়ের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়। এরপর উপজেলা প্রশাসন অভিযোগের জবাব দিতে ওই মুক্তিযোদ্ধাদের চিঠি দেয়। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৬ মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত আছেন ৮ জন। মারা গেছেন ৭ জন এবং ১ জন শহীদ মুক্তিযোদ্ধা। গত ৩১ জানুয়ারি চিঠি দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারির মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। চিঠি পাওয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাঁরা এই চিঠির জবাব দেবেন না।
ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল জলিল ও সুশীল বড়ুয়া বলেন, ৩১ জানুয়ারি বেনামি অভিযোগের কপিসহ তাঁরা বান্দরবান সদর ইউএনওর চিঠি পেয়েছেন। অভিযোগে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে।
প্রয়াত আরেক মুক্তিযোদ্ধা আলী আহমদের ছেলে জাফর আলম বলেন, তাঁর বাবা ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুর কয়েক বছর পর এখন কেউ যদি মিথ্যা অভিযোগ এনে বলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তাহলে এর জবাব কে দেবে?
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার সত্যেন্দ্র মজুমদার বলেন, বান্দরবান জেলায় ১১ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের একটি অংশ দাবি করছেন, তাঁরাই একমাত্র মুক্তিযোদ্ধা, অন্যরা ভুয়া। ওই বেনামি চিঠি হয়তো তাঁরাই পাঠিয়েছেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা না হলে যাচাই-বাছাইয়ের দিন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, নামে হোক, বেনামে হোক, একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের জবাব দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা তাঁদের মতো করে জবাব দেবেন। এটি নিয়ে প্রশাসনের অন্য কোনো উদ্দেশ্য নেই।