বান্দরবানে মুক্তিযোদ্ধারা দ্বিধাবিভক্ত, পাল্টাপাল্টি অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছেন বান্দরবান জেলার দ্বিধাবিভক্ত মুক্তিযোদ্ধারা। ভুয়া মুক্তিযোদ্ধা ইস্যুতে সম্প্রতি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ ও আদালতে মানহানি মামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।সূত্র জানায়, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই দ্বিধাবিভক্ত রয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা। তাঁদের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা সংসদের সাবেক কমান্ডার সত্যেন্দ্র মজুমদার ও আবদুল জলিল। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান জেলা কমান্ডার আবুল কাশেম ও আবদুল আজিজ। গত ১০ মে কাশেম-আজিজ পক্ষ প্রতিপক্ষের সত্যেন্দ্র মজুমদার ও আবদুল জলিলসহ মোট ২০ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে বলা হয়েছে, সত্যেন্দ্র মজুমদার মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। আর আবদুল জলিলের বয়স মুক্তিযুদ্ধের সময় মাত্র ১০ বছর ছিল। এ ছাড়া বান্দরবান সদর উপজেলা ইউনিট কমান্ডার কবীর আহমদ, শহীদ উদয় সেন তঞ্চঙ্গ্যা, সুশীল বড়ুয়া, মৃত শফিকুর রহমানসহ আরও ১৮ জনের বিরুদ্ধে নানা আপত্তিকর অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট অভিযোগকারী কাশেম-আজিজ পক্ষের ১২ জনের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে মানহানির মামলা করে সত্যেন্দ্র-জলিল পক্ষ। গতকাল সোমবার বিষয়টি আদালতে মীমাংসা হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।এ ব্যাপারে জেলা সংসদের সাবেক কমান্ডার সত্যেন্দ্র মজুমদার জানান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে অভিযোগ দেওয়া দোষের কিছু নয়। তবে অভিযোগপত্রে যেভাবে ভিত্তিহীন, শালীনতাবর্জিত ও মানহানিকর কথা উল্লেখ করা হয়েছে, তা কোনোমতেই মেনে নেওয়া যায় না। আগামীতে জেলা সংসদের কমান্ডার হতে পারবেন না, এ আশঙ্কায় প্রতিপক্ষের কাশেম তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে আবদুল আজিজ বলেন, সত্যেন্দ্র মজুমদারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা নয় বলে অভিযোগ রয়েছে। সেটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তদন্তে তাঁরা নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারলে তাঁদেরই উপকার হবে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক শরীফ উদ্দিন বলেন, বর্তমানে বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। বান্দরবান জেলার বিষয়টি কোন পর্যায়ে রয়েছে, তা জানা নেই তাঁর।