বান্দরবানে যক্ষ্মা এখনো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যোগাযোগ দুর্গমতার কারণে রোগীদের শনাক্তকরণ ও চিকিৎসাসেবার আওতায় আনা যাচ্ছে না। শনাক্ত করা রোগীদের মধ্যেও ৭ শতাংশ রোগী চিকিৎসা শেষ করেন না।
গতকাল সোমবার বান্দরবান সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অংসুপ্রু মার্মা ও ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, দারিদ্র৵, দুর্গম যোগাযোগ, সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে যক্ষ্মা রোগীর সংখ্যা এখনো কমিয়ে আনা যায়নি। অনেক ক্ষেত্রে রোগীদের চিকিৎসাসেবার আওতায় আনা দূরের কথা, শনাক্ত করাও সম্ভব হচ্ছে না।
গোলটেবিল বৈঠকে বলা হয়, চার লাখ জনসংখ্যার বান্দরবানে গত বছর ২৮৬ ও ২০১৩ সালে ৩১৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৯৩ শতাংশ রোগী সুস্থ হয়েছেন।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন অনুপ দেওয়ান।