বান্দরবানে যুবদলের দুই পক্ষে উত্তেজনা, হামলার আশঙ্কা
বান্দরবানে জেলা যুবদলের দুই পক্ষের মধ্যে গত শুক্রবার হামলা ও পাল্টা হামলার পর উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষ হতে পারে—এ আশঙ্কার কথা দুই পক্ষের নেতারাও স্বীকার করেছেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বলেছেন, আওয়ামী লীগ যুবদলের একাংশকে টাকা দিয়ে ব্যবহার করে বিএনপিতে বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছে। যুবদলের মাবুদ পক্ষ ও মিটন পক্ষও পরস্পরকে আওয়ামী লীগের দালাল অভিহিত করেছে। এলাকার লোকজন বলেছেন, শুক্রবার হামলা-পাল্টা হামলার পর দুই পক্ষের নেতা-কর্মীরা এখনো মারমুখী অবস্থানে রয়েছেন। কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য রাজপথে নামলেই উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হতে পারে। আগেও কয়েকবার কর্মসূচি পালনের সময় সংঘর্ষ হয়েছে। যুবদলের মিটন পক্ষের নেতা-কর্মীরা বলেছেন, সরকার পতন ও নির্দলীয় সরকারের দাবিতে তাঁদের বিক্ষোভ মিছিলের ওপর মাবুদ পক্ষের ক্যাডাররা হামলা চালিয়েছে। এতে আহত পাঁচজন এখনো হাসপাতালে রয়েছেন। অপর দিকে মাবুদ পক্ষের লোকজন বলেছেন, মিটনের সঙ্গের কিছু উচ্ছৃঙ্খল যুবকের বিএনপির সমাবেশের ওপর হামলার চেষ্টা তাঁরা প্রতিহত করেছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বলেছেন, প্রায় এক বছর ধরে জেলা যুবদলে বিশৃঙ্খল অবস্থা চলছে। প্রথমে যুবদল সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিটনের (মিটন পক্ষের প্রধান) সঙ্গে সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনের দলের সংঘর্ষ হয়েছিল। তখন যুবদলের কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ (মাবুদ পক্ষের প্রধান) মিটনের পক্ষে ছিলেন। পরে কমিটি গঠন নিয়ে মিটনের সঙ্গে মাবুদের বিরোধ বাধে এবং নেজাম উদ্দিন আবার মিটনের পক্ষে থাকেন। তখন থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছে।
আবদুল মাবুদ বলেছেন, মিটনকে সংগঠনবিরোধী কাজের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের এজেন্ট হয়ে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনগুলোতে বিভাজনের কাজ করছেন। মিটনও অভিযোগ করে বলেছেন, মাবুদ আওয়ামী লীগের দালাল। গত ১৭ অক্টোবর রাতেও মাবুদের আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার বাসা থেকে জেলা পরিষদের খাদ্যশস্য বিক্রি বাবদ ১০ লাখ টাকা নেওয়ার প্রমাণ তাঁদের কাছে রয়েছে বলে মিটন দাবি করেন।