বান্দরবানে রাজপুণ্যাহ শুরু
বান্দরবানে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জুম খাজনা আদায়ের উৎসব ‘রাজপুণ্যাহ’।বান্দরবানের বোমাং রাজা (সার্কেল চিফ) অংশৈপ্রু চৌধুরী গতকাল বেলা ১১টায় সভাসদ, পাইক-পেয়াদা ও শান্ত্রিসেপাই পরিবেষ্টিত হয়ে ‘রাজপুণ্যাহ’ উৎসবের দরবারে হাজির হন। ৯৭ বছর বয়সী অংশৈপ্রু রাজার মাঠে সজ্জিত দরবার হলে এসে পৌঁছালে উপস্থিত হাজার হাজার আদিবাসী-বাঙালি প্রজা দাঁড়িয়ে ও কুর্নিশ করে তাঁকে অভিনন্দন জানান।রাজা উপস্থিত হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারি (পাড়াপ্রধান) ও প্রজাদের উদ্দেশ করে বলেন, ‘আমাদের সবার চিন্তা-চেতনা একবিংশ শতাব্দীর উপযোগী করতে হবে। সময়ের সঙ্গে পেশাগত দিক ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ না ঘটাতে পারলে আমাদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। এ জন্য সবার আগে দরকার শিক্ষার।’ দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার।এ ছাড়া উৎসবে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান, বান্দরবান জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার কামরুল আহসান, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের পরিচালক হেনরিক পেডলক, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, রাজপরিবারের প্রবীণ সদস্য কে এস প্রু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি দীপঙ্কর তালুকদার বলেন, রাজপুণ্যাহতে খাজনা আদায়ের বিষয়টি প্রতীকী। কিন্তু এর সামাজিক গুরুত্বের দিকটি অত্যন্ত বিস্তৃত। তিনি বলেন, ভাতা বাড়ানো হেডম্যান ও কার্বারিদের দীর্ঘদিনের দাবি। সরকার তাঁদের সামাজিক ভূমিকার দিক বিবেচনা করে তা বাড়ানোর জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।রাজদরবার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজপুণ্যাহর দ্বিতীয় দিন আজ শুক্রবার বোমাং রাজা হেডম্যান ও কার্বারিদের নিয়ে দরবার হলে সম্মেলন করবেন। এতে তাঁদের কাছ থেকে বিভিন্ন এলাকার সমস্যা সম্পর্কে রাজা সরাসরি জেনে নেবেন।প্রসঙ্গত, জুমিয়া আদিবাসীদের কাছ থেকে খাজনা বা জুম রাজস্ব আদায়ের আনুষ্ঠানিকতাকে রাজপুণ্যাহ উৎসব বলা হয়। বান্দরবানে এ উৎসব ১৩৬ বছর ধরে চলে আসছে। এবার এ উৎসব উপলক্ষে জেলা শহর দেশি-বিদেশি পর্যটক ও আদিবাসী-বাঙালি হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। রাজপুণ্যাহ উপলক্ষে রাজার মাঠে মেলারও আয়োজন করা হয়েছে।খাগড়াছড়িতে আজ শুরুখাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি সদরের রাজবাড়ী প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে মং সার্কেলের তিন দিনব্যাপী রাজপুণ্যাহ উৎসব। প্রথম দিন মং রাজা সাচিং প্রু চৌধুরী রাজস্ব গ্রহণ করবেন।রাজপুণ্যাহকে কেন্দ্র করে রাজবাড়ী ও এর আশপাশের এলাকা বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। প্রথম দিন খাজনা গ্রহণের পর দ্বিতীয় ও তৃতীয় দিন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।