বান্দরবানে রাবারের বাঁধ নির্মাণ শেষে যান্ত্রিক ত্রুটি
বান্দরবানের রাজবিলার শিলক খালের রাবারের বাঁধটি (রাবার ড্যাম) নির্মাণ শেষে চালু হওয়ার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্বত্য চট্টগ্রামের প্রথম এ রাবার বাঁধটি গতকাল শুক্রবার চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি বলে এলাকার লোকজন জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয় মারমা যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করে বলেছেন, এলাকার লোকজনের অবহেলায় নির্মাণ শেষেও দীর্ঘদিন অব্যবহূত থাকায় সমস্যা দেখা দিতে পারে। দু-এক দিনের মধ্যে ত্রুটিমুক্ত করে বাঁধটি চালু করা সম্ভব হবে।
বাঁধ তত্ত্বাবধানকারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাব্যসস) সভাপতি ও বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মংসাখয় মারমা বলেছেন, এলজিইডির নির্মিত বাঁধটি চালু করার জন্য কয়েক দিন ধরে তাগিদ দেওয়া হচ্ছিল। এ জন্য রবি ফসল ও বোরো মৌসুমে সেচের সমস্যা সমাধানের জন্য গতকাল থেকে চালু করার উদ্যোগ নেওয়া হয়।
পাব্যসসের ব্যবস্থাপক উক্যসিং মারমা বলেছেন, পাম্প হাউসের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রাবারের বিশাল বেলুনটি সংকোচন অবস্থা থেকে ফোলানো সম্ভব হয়নি। ত্রুটি মেরামত করতে সাতকানিয়া থেকে মিস্ত্রি (মেকানিক) নিয়ে আসার জন্য বলা হয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেছেন, বিশেষজ্ঞদের প্রতিবেদনের ভিত্তিতে বাঁধের স্থান নির্বাচন করা হয়েছে। কৃষকেরা অনুমানের ওপর ভিত্তি করে যা বলেছেন, তা বিশেষজ্ঞদের সম্ভাব্যতা যাচাইয়ে বাস্তব প্রমাণিত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে বাঁধটি চালু করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।