বান্দরবানে রামুর ঘটনায় জড়িত সন্দেহে ৩৪ জনকে গ্রেপ্তার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রামুর বৌদ্ধধর্মাবলম্বীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিজিবি ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বিজিবি বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রাত দুইটায় রামুর দিক থেকে আসছিল আর পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা তাদের বলেছে তারা রামুর দিকে যাচ্ছিল। তবে বিজিবি ও পুলিশ উভয়ে বলেছে, তারা হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।নাইক্ষ্যংছড়ি বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বলেছেন, পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে যা বলেছে, তা সঠিক নয়। হামলার রাতে তিনি ঘটনাস্থল রামুর দিকে যাচ্ছিলেন। নাইক্ষ্যংছড়ি সদর থেকে কিছুদূর গিয়ে রামুর দিক থেকে একটি বাস আসতে দেখে থামতে বলেন। বাসের পেছনে একটি মোটরসাইকেলে আরও দুজন ছিল। তারা সবাই রামুর দিক থেকে আসছিল এবং তাদের পরনের প্যান্ট ও লুঙ্গি হাঁটু পর্যন্ত কোঁচানো ছিল। হাবভাব দেখে সহজে অনুমান করা যায়, তারা কিছু একটা করেছে। লে. কর্নেল মাহবুব বলেন, নাইক্ষ্যংছড়ি-রামু পথে যেখানে সন্ধ্যা ছয়টা থেকে সাতটায় সচরাচর গাড়ি চলাচল বন্ধ হয়, সেখানে রাত দুইটার দিকে বাসভর্তি লোক আসা স্বাভাবিক নয়। এ জন্য সন্দেহ হওয়ায় বাস ও মোটরসাইকেলের আরোহীসহ সবাইকে আটক করে পুলিশে দেওয়া হয়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, বিজিবির হস্তান্তর করা ৩৪ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে গর্জনিয়া থেকে তারা রামুর দিকে যাচ্ছিল বলা হয়েছে।পুলিশ সুপার কামরুল আহসান বলেছেন, তারা রামুর দিকে যাচ্ছিল। কিন্তু রামু পুলিশের বাধায় যেতে না পেরে ফিরে আসার পথে বিজিবি আটক করেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে আসা সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ বলেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাসসহ রামুর পুলিশের ফেরত পাঠানোর বিষয়টি তাঁর জানা নেই।