বান্দরবানে রায় ৩ জানুয়ারি
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় গতকাল শনিবার যুক্ততর্ক শেষ হয়েছে। আগামী ৩ জানুয়ারি রায় ঘোষণা করা হবে।চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত ১৬-তে গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় সকাল সাড়ে ১০টায়। শুরুতে কৌঁসুলি ও ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম অভিযুক্ত ৩৫ জনের অপরাধের বিবরণ দেন। ২৫ জন সাক্ষীর সাক্ষ্যের ভিক্তিতে অভিযুক্তরা কে কীভাবে অপরাধ করেছেন, তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি বিভিন্ন প্রামাণ্য দলিলপত্র ও আলামতও আদালতে উপস্থাপন করেন।প্রসঙ্গত, অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ১০ জন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চেয়েছেন।কৌঁসুলির যুক্তি উপস্থাপন শেষে নির্দোষ দাবিদার আসামিরা লিখিতভাবে যুক্তি উপস্থাপন করে নিজেদের নির্দোষ দাবি করেন। লিখিত যুক্তির বাইরেও কয়েকজন যুক্তিতর্ক তুলে ধরেন।উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আগামী ৩ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালতের সভাপতি বিডিআরের রাঙামাটি সেক্টরের অধিনায়ক বশিরুল ইসলাম।