বান্দরবানে রায় ৯ নভেম্বর সরাইলে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলার রায় আগামী ৯ নভেম্বর ঘোষণা করা হবে। গতকাল বুধবার কৌঁসুলি ও আসামিরা বক্তব্য, যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত রায়ের দিন ধার্য করেন।এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের ১২ জনকে আদালতের নির্দেশে গতকাল গ্রেপ্তার করা হয়।চট্টগ্রামের বাইতুল ইজ্জতে রাইফেল ট্রেনিং সেন্টার ও স্কুলে (আরটিসিএসে) গঠিত বিশেষ আদালত-১৬তে চার সদস্যের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন বিডিআরের রাঙামাটি সেক্টরের অধিনায়ক বশিরুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল আবদুর রউফ, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি গৌতম কুমার রায় ও মেজর এম এ রাকিব। গতকাল আদালতে প্রথমে ২৩ জন আসামি আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য উপস্থাপন করে নিজেদের নির্দোষ দাবি করেন। বক্তব্য উপস্থাপনের সময় অনেকে কেঁদে ফেলেন।অপরদিকে কৌঁসুলি হিসেবে দায়িত্ব পাওয়া থানচির বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল আলম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে সাক্ষীদের সাক্ষ্য, বিভিন্ন তথ্য ও দালিলিক প্রমাণ উপস্থাপন করেন। তিনি বলেন, মামলায় অভিযুক্ত ব্যক্তিরা সবাই বৈধ কর্তৃপক্ষের আদেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ, অস্ত্র-গোলাবারুদ লুটপাট, অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে শৃঙ্খলাবিরোধী আচরণ করেছেন।বক্তব্য উপস্থাপন শেষে আসামিদের সঙ্গে কৌঁসুলির যুক্তিতর্ক হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের সভাপতি বলেন, মামলায় রায় আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঘোষণা করা হবে। সেই দিন পর্যন্ত আদালত মুলতবি করা হলো। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের ঘটনায় চলতি বছরের ২১ এপ্রিল বিডিআর আইনে বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা করা হয়। বিচারকাজ শুরু হয় ২২ এপ্রিল। ওই বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ৭ মে থানচি থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলা করা হয়।সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ গতকাল বেলা ১১টায় বিচারকাজ শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় আদালত পুনরায় বসবে। চার সদস্যের আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ। অপর সদস্যরা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম।আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. নূরুল করিম। আদালতের কার্যক্রম শেষে ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ্ মো. গোলাম আম্বিয়া সংবাদ ব্রিফিংয়ে বলেন, ২৯ জন আসামির মধ্যে ১৭ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক আছেন। বাকি ১২ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা সবাই ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে কর্মরত আছেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র সাহা প্রথম আলোকে জানান, দুপুর দুইটায় ওই ১২ জন আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মোজাম্মেল হক, আবদুর রশিদ মিয়া, মাহবুবুর রহমান, আমজাদ হোসেন ভুইয়া, আবু ইউসুফ মোল্লা, আবু তাহের, মো. ইকবাল হোসেন, আবদুল লতিফ মৃধা, বদরুল আলম, মো. মোহাম্মদুল হক, মো. হারুন অর রশিদ, খাইরুল হাসান।