পাহাড়ি জনপদে পানি সরবরাহের লক্ষ্যে বান্দরবানের থানচিতে বেশ কিছু রিংওয়েল নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে বলে দাবি করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। বাস্তবে এসবের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অথচ রিংওয়েল ও গভীর নলকূপ স্থাপনের নাম করে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের কয়েক লাখ টাকা।জানতে চাইলে রেমাক্রি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অবাক হয়ে বলেন, ‘রিংওয়েলগুলো নির্মাণ করা হয়ে থাকলে সেগুলো গেল কোথায়!’ডিপিএইচই বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও সংশ্লিষ্ট ঠিকাদারেরা জানান, গত দুই বছরে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে উপজেলার বিভিন্ন পাড়া ও গ্রামের জন্য ২৭টি রিংওয়েল ও পাঁচটি গভীর নলকূপ দেওয়া হয়। স্যানিটেশন উন্নয়নের জন্য এক হাজার ১৫০টি শৌচাগারে ব্যবহারের রিংস্লাব নির্মাণ ও বিতরণের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে গত অর্থবছরে (২০১০-১১) ১৯টি রিংওয়েল, ৬৫০টি রিংস্লাব এবং ২০০৯-১০ অর্থবছরে আটটি রিংওয়েল, পাঁচটি গভীর নলকূপ ও ৫০০ রিংস্লাব ছিল।ডিপিএইচইর দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে ১৯টি রিংওয়েলের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার পর ১৪টি হস্তান্তর করা হয়েছে। আরও পাঁচটি রিংওয়েল নির্মাণের কাজ চলছে।গত ৩১ অক্টোবর থানচিতে সরেজমিনে দেখা যায়, বলীপাড়া ইউনিয়নে পাঁচটি রিংওয়েলের কাজ শেষ ও তিনটির কাজ চলমান রয়েছে দেখানো হলেও সেখানে নির্মাণাধীন রিংওয়েল পাওয়া যায়নি। এনজিও কার্যালয় প্রাঙ্গণে একটি ও বলীপাড়া বাজার এলাকায় তিনটি রিংওয়েল পাওয়া গেছে। হিন্দুপাড়ার তপন পালিতের নামে দেখানো একটি রিংওয়েল পাওয়া যায়নি। তপন পালিত এ সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। মংক্যচিং কার্বারি (পাড়াপ্রধান), মংক্যহ্লা ও থোয়াইচিং মারমার নামে তিনটি নির্মাণাধীন রিংওয়েল আছে বলা হলেও তাঁরা সবাই বলেছেন, তাঁদের পাড়ায় কোনো রিংওয়েল নির্মাণ করা হচ্ছে না।রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে নির্মাণ সমাপ্ত ছয়টি রিংওয়েলের মধ্যে রেমাক্রি ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরার নামেও রয়েছে একটি। মালিরাম ত্রিপুরা বলেন, ‘চেয়ারম্যান হয়েও জানি না আমার নামে রিংওয়েল না করে বিল তুলে খেয়ে ফেলেছে।’ ওই দুই ইউনিয়নে গত দুই বছরে কোনো রিংওয়েল হয়নি বলে মালিরাম ক্ষোভ প্রকাশ করেন।থানচি সদর ইউপির চেয়ারম্যান মাংসার ম্রো ও রেমাক্রি ইউপির চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন, ডিপিএইচইর উপজেলা প্রকৌশলী কোথায় রিংওয়েল, নলকূপ, রিংস্লাব নির্মাণ করেছেন, তাঁদের জানা নেই।ডিপিএইচইর ঠিকাদার এস কে রাজ্জাক ও মো. ওসমান গণি বলেন, দরপত্রের ক্রয়পত্র (শিডিউল) অনুযায়ী একটি রিংওয়েলের নির্মাণ ব্যয় ৭২ হাজার টাকা, একটি গভীর নলকূপ ৯৯ হাজার টাকা ও একটি রিংস্লাব ৩৫০ টাকা। এস কে রাজ্জাক আরও বলেন, গত অর্থবছরের রিংওয়েল ও রিংস্লাবের সব বিল তিনি তুলেছেন। থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছালেহ আহমদ বলেন, রিংওয়েল, নলকূপ সম্পর্কে ডিপিএইচই থেকে তাঁদের কোনো কিছু জানানো হয়নি। উপজেলা সদর ও পাড়াগুলোতে তীব্র পানির সংকট হলেও রিংওয়েল ও নলকূপ নেই। রিংওয়েল নির্মাণ না করে বিল তুলে নেওয়ার ব্যাপারে তাঁদের কাছেও অভিযোগ রয়েছে।ডিপিএইচইর থানচি প্রকৌশলী মজিবুর রহমান কাজ না করে বিল তুলে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, অনেকগুলোর কাজ শেষ হয়েছে। কিছুর কাজ চলছে। কিছু কাজ পরে করা হবে। ২০০৯-১০ অর্থবছরে পাঁচটি গভীর নলকূপের কাজ করতে না পেরে টাকা ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। ওই কর্মকর্তা আরও দাবি করেন, বর্ষার কারণে অনেক রিংওয়েলের কাজ করা সম্ভব হয়নি। অর্থ ফেরত যাবে বলে বিল তুলে রাখা হয়েছে। পাঁচটি রিংওয়েল ছাড়া তাঁর দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে কাজ শেষ হওয়া ও কাজ চলমান ১৪টির কোনো হদিস পাওয়া যাচ্ছে না কেন জানতে চাইলে মজিবুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে তিনি পরে জানাতে পারবেন।