বান্দরবানে রোহিঙ্গাদের ভোটার না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের চলমান হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গাদের (আরাকানি নাগরিক) অন্তর্ভুক্ত না করার দাবিতে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। এ সময় তাঁরা কতিপয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করছেন বলে অভিযোগ করেছেন।
ভোটার তালিকা হালনাগাদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা অভিযোগ করে বলেছেন নাইক্ষ্যংছড়িসহ কোনো কোনো উপজেলায় বরং রোহিঙ্গাদের ভোটার করার জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাপে তারা বেকায়দায় রয়েছেন।
গতকাল বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ।
সংবাদ সম্মেলনের কোনো লিখিত বক্তব্য ছাড়া কাজী মুজিবর রহমান বলেন, আলীকদম, থানচি, লামা, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলায় রোহিঙ্গারা ব্যাপক হারে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও নাইক্ষ্যংছড়ি নির্বাচন কর্মকর্তা মাঈনুল হক বলেন, বিশেষ এলাকা হিসেবে বিশেষ কমিটির তত্ত্বাবধানে স্তরে স্তরে যাচাই-বাছাই করে ভোটার তালিকা করা হচ্ছে।