বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ঠিকাদারদের লাইসেন্স বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারদের অভিযোগ, পাঁচ হাজার টাকা করে চাঁদা না দিলে তাঁদের লাইসেন্স দেওয়া হচ্ছে না।জানা যায়, সরকারি ক্রয়-নীতিমালার (পিপিআর) দ্বিতীয় সংশোধনী অনুযায়ী শ্রেণীবিহীন লাইসেন্সের জন্য গত বছরের জানুয়ারিতে জেলার সাতটি উপজেলা থেকে ৩৩৪ জন ঠিকাদার আবেদন করেন। আগের নিয়ম অনুযায়ী ঠিকাদারদের নিজ উদ্যোগে মন্ত্রণালয় থেকে লাইসেন্স অনুমোদন করে নিয়ে আসতে হতো। কিন্তু হয়রানি কমাতে পিপিআরের দ্বিতীয় সংশোধনীতে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে আবেদন করতে বলা হয়। নির্বাহী প্রকৌশলী মন্ত্রণালয় থেকে অনুমোদন এনে ঠিকাদারদের কাছে লাইসেন্স হস্তান্তর করবেন।এলজিইডি কার্যালয় ও ঠিকাদারেরা জানান, নতুন লাইসেন্সের জন্য পাঁচ হাজার ও প্রতিবছর নবায়নের জন্য দুই হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ে লাইসেন্স অনুমোদিত হওয়ার পর সরকারনির্ধারিত টাকা ঠিকাদারেরা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন।আবুল খায়ের, মংএনু মারমাসহ কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, প্রত্যেক লাইসেন্সের জন্য কোনো রসিদ ছাড়াই পাঁচ হাজার টাকা না দিলে লাইসেন্স দেওয়া হচ্ছে না। অথচ লাইসেন্স ঢাকা থেকে অনুমোদিত হয়ে পড়ে আছে।লামার দীপালি এন্টারপ্রাইজের মালিক সঞ্জয় কুমার দাশ বলেন, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের স্টেনো-টাইপিস্ট কাম ক্লার্ক আবুল কাশেম তাঁর কাছ থেকে পাঁচ হাজার ২০০ টাকা দাবি করেছেন। ওই কর্মচারী তাঁকে বলেছেন, জেলা প্রশাসক যেভাবে স্থানীয় কর তহবিল বা এলআর ফান্ড নিয়ে থাকেন, তাঁরাও সে রকম এলআর ফান্ড নিচ্ছেন। সঞ্জয় কুমার দাশ বলেন, দাবি করা টাকা না দেওয়ায় তাঁকে এখনো লাইসেন্স দেওয়া হয়নি। এ জন্য তিনি দরপত্রের কাজে অংশ নিতে পারছেন না।এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ৩৩৪ জন ঠিকাদারের মধ্য থেকে গত বছর ৩০ জন ঠিকাদার লাইসেন্স নেন। বাকি ৩০৪টি লাইসেন্সের মধ্য থেকে এ পর্যন্ত ১২১ জন ঠিকাদার লাইসেন্স নিয়েছেন। অতিরিক্ত পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এলজিইডির স্টেনো টাইপিস্ট কাম ক্লার্ক আবুল কাশেম বলেন, তিনি কারও কাছ থেকে টাকা দাবি করেননি।ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিটন বলেন, ‘এটি কোনো গোপন বিষয় নয়। প্রকাশ্যে, এমনকি অনেক ক্ষেত্রে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে।’ বান্দরবানের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান পাঁচ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দৃশ্যমান নয় এমন কিছু আবর্তক (রিকারেন্ট) খরচ রয়েছে। সেগুলোর জন্য স্বেচ্ছায় ঠিকাদারেরা কিছু দিলে কর্মচারীরা হয়তো তা নিয়ে থাকতে পারেন। বাধ্যতামূলকভাবে কোনো টাকা নেওয়া হচ্ছে না।’