বান্দরবানে লেবুজাতীয় ফলের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি বিভাগ দেশে এ পর্যন্ত ১০টি লেবুজাতীয় ফলসহ ৬৯টি নতুন প্রজাতির ফল উদ্ভাবন করেছে। এগুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রামে সাতটি ফলের উদ্ভাবন করা হয়েছে। কিন্তু উদ্ভাবিত এসব ফল কৃষি বিভাগ থেকে অবমুক্ত বা ছাড়পত্র দেওয়া হলেও এখনো নিবন্ধন করা হয়নি।গতকাল রোববার বান্দরবানে লেবুজাতীয় ফলের প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কৃষিবিদ ও গবেষকেরা এ কথা বলেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে ও উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। আরও বক্তব্য দেন, উদ্যান গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মদন গোপাল সাহা, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জমসের আহমেদ খন্দকার, বারির পরিচালক আবদুল জলিল ভূঁঞা, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর প্রমুখ। এক দিনের প্রদর্শনীতে জেলার সাতটি উপজেলা থেকে কৃষকেরা লেবুজাতীয় ফলের প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে মাল্টা, জাম্বুরা, সাতকড়া, কমলা, বাতাবিলেবুসহ মোট ৩৬২টি প্রজাতির (ভ্যারাইটি) লেবুজাতীয় ফল পাওয়া গেছে। এগুলোর মধ্যে গুটি কয়েক বিদেশি প্রজাতি ছাড়া সব কটিই এ দেশের মাটিজাত অথবা দীর্ঘকাল ধরে এ অঞ্চলে থাকায় এখানকার মাটির সঙ্গে মিশে গেছে।জাম্বুরা প্রদর্শনীতে প্রথম হয়েছেন বান্দরবান সদর উপজেলার ডলুপাড়ার মিনুচিং মারমা। তিনি বলেন, তাঁরা যুগ যুগ ধরে বাতাবিলেবু ও জাম্বুরা চাষ করে আসছেন। কখনো ভাবেননি এ রকম প্রদর্শনী হবে। রুমার জুয়েল বম বলেন, তিনি তিন হাজার লেবুগাছ লাগিয়েছেন। রুমাতে এ রকম আরও অনেক কৃষক লেবু, জাম্বুরা ও কমলা চাষ করে থাকেন বলে তিনি জানান। হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, প্রদর্শনীতে আনা লেবুজাতীয় ফলের আদি নিবাস হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে মিজোরাম ও মিয়ানমারের পার্বত্য অঞ্চল। এ অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, মাটি ও আবহাওয়া সাইট্রাস বা লেবু গোত্রের গাছের জন্য উপযোগী।