বান্দরবানে লোডশেডিং না থাকলেও সরবরাহ লাইনে ত্রুটি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে লোডশেডিং না থাকলেও সংযোগ লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎ-সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ১০-১৫ মিনিট থেকে ১০-১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ-বিভ্রাট অথবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা মারাত্মক আকার ধারণ করছে। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকা বাঙালহালিয়া-বান্দরবান বিকল্প সরবরাহ লাইনও মেরামত না করায় সংকটের সময়ে কোনো কাজে আসছে না। গত শুক্রবারও রাত নয়টা থেকে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত সাড়ে ১২ ঘণ্টা সমগ্র বান্দরবানে কোথাও বিদ্যুৎ ছিল না।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রায় ৪০ বছর আগে স্থাপিত বৈদ্যুতিক সরবরাহ লাইন বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অংশবিশেষ সংস্কার করে চালু রাখা হয়েছে। পুরোনো লাইনে কোথাও ত্রুটি দেখা দিলে জনবল ও যানবাহন সংকটে তাৎক্ষণিকভাবে সংযোগ পুনঃস্থাপন করার কাজও কঠিন হয়ে দাঁড়িয়েছে। পিডিবি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সূত্রে জানা যায়, জেলা শহরসহ বান্দরবান সদর উপজেলা, রোয়াংছড়ি ও রুমা—তিনটি উপজেলায় প্রায় তিন মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এত কম পরিমাণ চাহিদার কারণে লোডশেডিংয়ের মাত্রাও কম। কিন্তু বনাঞ্চলবেষ্টিত পাহাড়ি এলাকা দিয়ে টানা পুরোনো সরবরাহ লাইনে ত্রুতি ও গাছ পড়ে বিভ্রাট সৃষ্টির কারণে প্রায় সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গতকাল ও গত পরশু একই সমস্যার কারণে বান্দরবানে সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল।নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদিন সরবরাহ লাইনে কিছু সমস্যা থাকলেও বড় কিছু নয় জানিয়ে বলেছেন বিদ্যুৎ সরবরাহে কারিগরি সমস্যা থাকা স্বাভাবিক। কিন্তু জনবল ও গাড়ি না থাকায় সেই স্বাভাবিক সমস্যাগুলো সারানোর কাজে দ্রুত সাড়া দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ২৭ জন টেকনিশিয়ান পদে কর্মরত রয়েছেন মাত্র আটজন এবং সরবরাহ লাইনে দুটি গাড়ির মধ্যে একটিও নেই। এ অবস্থায় লাইনে কোথাও ত্রুতি দেখা দিলে যন্ত্রপাতি নিয়ে প্রকৌশলী ও কর্মীরা কীভাবে যাবে, সে আয়োজন করতে অনেক সময় লেগে যায়।