বান্দরবানে শতবর্ষী জাদি ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে বোমাং রাজবিহারের প্রাচীনতম বৌদ্ধ জাদিটি পাহাড়ধসে ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বান্দরবানে বোমাং রাজবিহারের প্রাচীনতম বৌদ্ধ জাদিটি পাহাড়ধসে ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

বান্দরবান বোমাং রাজবিহারের ১২৭ বছরের প্রাচীনতম বৌদ্ধ জাদিটি (প্যাগোডা) যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত ১২ ও ১৩ জুন ভারী বৃষ্টিতে জাদি পাহাড়ের দুই পাশ ধসে পড়ায় জাদিটি ঝুঁকির মুখে পড়ে। গত রোববার রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় এ আশঙ্কা আরও বেড়েছে।

বোমাং রাজা ক্য জ সাইন প্রু চৌধুরীর আমলে ১৮৯০ সালে জাদিটি পাহাড়ের ওপর নির্মিত হয়। জাদির নাম অনুসারে ওই পাহাড়ের নাম হয়েছে জাদি পাহাড়। জাদিটি দেখভালের দায়িত্বে আছে বিহার কমিটি।

বোমাং রাজবিহারের প্রধান উপাসক ও বিহার কমিটির প্রধান বা চ মং মারমা বলেন, ভাঙন রোধ করার জন্য ধসে পড়া পাহাড়ের অংশে কিছু মাটির বস্তা ফেলা হয়েছে। কিন্তু সেটি যথেষ্ট না। জাদিটি রক্ষার জন্য কংক্রিটের সুরক্ষা দেয়াল (রিটেইনিং ওয়াল) প্রয়োজন। কিন্তু বিহার কমিটির সুরক্ষা দেয়াল নির্মাণের সামর্থ্য নেই।

গতকাল সোমবার সকালে জাদি এলাকায় গিয়ে দেখা যায়, বোমাং রাজবিহারের পূর্বপাশের পাহাড়ে নির্মিত প্রাচীন জাদির দুই পাশে মাটি সরে গেছে। উত্তর-পশ্চিম পাশে জাদির মূলভিত্তি (ফাউন্ডেশন) ঘেঁষে পাহাড়ের ধস নেমে সীমানা দেওয়াল ভেঙে গেছে। পূর্ব-দক্ষিণ পাশের টাউন হল পাড়ার দিকেও পাহাড়টি ধসে পড়েছে। টাউন হল পাড়ার বাসিন্দারাও ঝুঁকির মধ্যে বাস করছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, আবারও ভারী বৃষ্টি হলে দুপাশ থেকে পাহাড়টি ভেঙে পড়বে। এতে জেলার প্রাচীনতম জাদিটিও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জাদিপাড়ার বাসিন্দা উ থোয়াই প্রু মারমা বলেন, জাদিটি কয়েক বছর আগে সংস্কার করা হয়। কিন্তু ভারী বৃষ্টিতে ১৩ জুন ভোররাতে পাহাড়টি ধসে পড়ে। বিহার কমিটির উদ্যোগে এলাকার মানুষ ভাঙন রোধে কিছু মাটির বস্তা ফেলে দিয়েছে। একই পাড়ার মংচু মারমা বলেন, ১২৭ বছরের প্রাচীন জাদিটি রক্ষার জন্য সরকারিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বা চ মং মারমা বলেন, জাদিটি রক্ষায় জরুরি ভিত্তিতে সুরক্ষা দেয়াল নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান জেলা পরিষদকে জানানো হয়েছে।

বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার বলেন, প্রতিরক্ষা দেওয়ালের মতো ব্যয়বহুল নির্মাণ কাজ ইচ্ছে করলেও দ্রুত করা সম্ভব না। তাঁরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।