বান্দরবানে শিক্ষকদের পছন্দমাফিক সংযুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলায় গত বছরের এপ্রিল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১৬৮ জন শিক্ষককে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শিক্ষকদের পছন্দমাফিক এই সংযুক্তির কারণে গ্রামের বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জেলা পরিষদ ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, জেলা শহর ও শহরতলির ২২টি বিদ্যালয়ে সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আটজন শিক্ষককে সংযুক্ত করা হয়েছে। এসব বিদ্যালয়ে ৮৮ জন শিক্ষক সংযুক্ত রয়েছেন। এ ছাড়া রোয়াংছড়িতে ২৬ জন, রুমায় ২২ জন, নাইক্ষ্যংছড়িতে ১৮ জন, লামায় ১০ জন, আলীকদম ও থানচি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুজন করে শিক্ষক সংযুক্ত রয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রথম আলোকে বলেন, শিক্ষা প্রশাসনের মতামত না নিয়ে জেলা পরিষদ শিক্ষকদের পছন্দমাফিক এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে সংযুক্তি করেছে।
জানতে চাইলে বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ বলেন, শিক্ষা কর্মকর্তাদের মতামত না নিয়ে শিক্ষকদের সংযুক্ত করার অভিযোগ সত্য নয়। মূলত বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা বিবেচনায় নিয়ে সমন্বয়ের জন্য সংযুক্ত করা হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার সাতটি উপজেলার ৩৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৪২ জন শিক্ষক কর্মরত। এর মধ্যে পদ শূন্য রয়েছে ১৫২টি।
বান্দরবান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নূরুল আমিন বলেন, শিক্ষকসংকটের কারণে কদুরখোলা, ভাগ্যকুল, আলীনগর, কুহালং, ভাঙামুড়াসহ গ্রামের অনেক বিদ্যালয়ে পাঠদানে সমস্যা হচ্ছে।
জেলা শহরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত রয়েছেন আটজন শিক্ষক। এর বাইরে এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন আরও সাত শিক্ষক। একসঙ্গে এত শিক্ষকের বসার মতো অবকাঠামোও বিদ্যালয়টিতে নেই।
কদুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্বাস আলী বলেন, সংযুক্তিতে অন্য বিদ্যালয়ে কাজ করে আবার এই বিদ্যালয়ের নামে কোনো শিক্ষক বেতন-ভাতা নেবেন, তা মেনে নেওয়া যায় না।
বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত রয়েছেন সহকারী শিক্ষক প্রদীপ তঞ্চঙ্গ্যা। তিনি রুমা থেকে সংযুক্তিতে এ বিদ্যালয়ে যোগ দিয়েছেন। এই বিদ্যালয়ের মূল তিন শিক্ষক জেলা শহরের বিদ্যালয়গুলোতে সংযুক্ত রয়েছেন। এখন একাই বিদ্যালয়টি চালাচ্ছেন প্রদীপ তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, একজন শিক্ষকের পক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫০ জন ছাত্রছাত্রীকে পড়ানো অসম্ভব হয়ে পড়েছে।