বান্দরবানে শিশু একাডেমীর গাছ কেটে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে শিশু একাডেমীর গাছ কেটে জেলা পরিষদ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার একাডেমী কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে ছোট-বড় সাতটি গাছ ফেলা হয়েছে। এ ঘটনায় সাংস্কৃতিককর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিভাগীয় বন কর্মকর্তা বলেছেন, কোনো বৈধ প্রক্রিয়া ছাড়া গাছ কাটা শুরু করায় তাঁরা তা বন্ধ করে দিয়েছেন।সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ বি এম নাসিরুল আলম জেলা প্রশাসক মিজানুর রহমানকে শিশু একাডেমী চত্বরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ নির্মাণে গাছ কেটে ফেলার জন্য চিঠি লেখেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের দপ্তর থেকে ২০ মার্চ বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল দুপুরে শিশু একাডেমী চত্বরে গিয়ে দেখা গেছে, গাছ কেটে ফেলা হচ্ছে। সেখানে কর্মরত শ্রমিক আবু তাহের জানান, দুপুর পর্যন্ত তাঁরা সাতটি গাছ কেটে ফেলেছেন। সদর ইউএনও ইসরাত জাহান বলেন, গাছ কাটা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে গাছ কেটে ফেলা হচ্ছে। মঞ্চ তৈরির পর সেখানে আরও গাছ লাগানো হবে।উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যসামং মারমা বলেছেন, শিশু একাডেমীর সবুজ গাছগাছালিকে ঘিরে জেলা শহরে এক টুকরো নিসর্গ; সেখানে ছায়াঢাকা পাখিডাকা পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের লাফালাফি, হাজারো পাখির আনাগোনা নিয়ে আলাদা এক প্রতিবেশ (ইকোলজি) গড়ে উঠেছে। সেই প্রতিবেশকে ধারণ করেই বঙ্গবন্ধু মুক্তমঞ্চ করা যেত। এ ছাড়া জেলার আরও একাধিক সাংস্কৃতিককর্মী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।শিশু একাডেমীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্যোগ নেওয়ার সময় তাঁদের জানানো হয়নি। পরে তাঁদের কাছ থেকে মুক্তমঞ্চ নির্মাণের একটি আবেদন চাওয়া হয়েছিল এবং তাঁরা সেই অনুযায়ী আবেদন করেছেন।শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ বলেছেন, গাছ কাটার ব্যাপারে তাঁদের কোনো অনুমতি নেওয়া হয়নি এবং এ ব্যাপারে কিছু জানানোও হয়নি। শুধু বঙ্গবন্ধু মুক্তমঞ্চ হবে এবং সেটা শিশু একাডেমীর মালিকানা দেওয়া বলে জেলা প্রশাসক তাঁকে জানিয়েছেন।বিভাগীয় বন কর্মকর্তা তোশিবুল বারী খান বলেছেন, ‘জেলা পরিবেশ কমিটির অনুমোদন ছাড়া গাছ কাটা শুরু করা হয়েছিল। এ জন্য আমরা কাটা বন্ধ করে দিয়েছি।’জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেছেন, বিতর্ক থাকলে প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এখন আপাতত গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।