বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোরীসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। গতকাল বুধবার সকাল ১০টায় বান্দরবানের ডলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় কিশোরী চাওয়াং মারমা (১৭)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলচালক উথোয়াই মারমা (৩০)। গুরুতর আহত সামাচিং মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল ১০টার দিকে জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ডলুপাড়া এলাকায় চাঁদের গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি চাঁদের গাড়ির চাকার নিচে চাপা পড়ে।
কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, আহত সামাচিং মারমার স্বামী মালেশিয়ায় থাকেন।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, চাঁদের গাড়ির চালক ও চালকের সহকারীকে পালিয়ে গেছেন।