বান্দরবানে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত বুধবার রাতে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া আহত হয়েছেন। তাঁকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে আটটার দিকে প্রজ্ঞাসার এক তরুণীকে নিয়ে মোটরসাইকেলযোগে কালাঘাটা থেকে জেলা শহরে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে কালাঘাটার পুরান রাস্তায় পৌঁছালে তিন-চারজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রজ্ঞাসারকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি হাত তুলে আত্মরক্ষার চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের অনামিকা আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর চিত্কার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে গতকাল বৃহস্পতিবার ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীরা প্রজ্ঞাসারের সঙ্গে থাকা তরুণীকেও আঘাত করে। বান্দরবান সদর হাসপাতালে তিনি চিকিত্সাধীন রয়েছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আহত তরুণীকে জিজ্ঞাসাবাদ করলে এ হামলার ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে। প্রজ্ঞাসারের ওপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগ গতকাল শহরে বিক্ষোভ মিছিল করে।