বান্দরবানে সভায় বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা ঘরে-বাইরে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করলেও সম্পদের উত্তরাধিকার এবং মালিকানায় তাঁদের অধিকার নেই। পুরুষের সমান কাজ করেও পুরুষের সমান অধিকার তাঁরা পান না। নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সমাজে নারীর সম্মানজনক মর্যাদা নিশ্চিত করা যায়নি। এ অবস্থার পরিবর্তন জরুরি। গতকাল বুধবার সকালে বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা বিটা ও ইউএনডিপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিটার কর্মসূচি সমন্বয়কারী প্রদীপ আচার্য।
সভায় ইউএনডিপির জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, নারীনেত্রী ডনাইপ্রু নেলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, বম সোস্যাল কাউন্সিলের সাবেক সভাপতি জুয়ামলিয়ান আমলাই বমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পাহাড়ি নারীরা নিজ সমাজে ও রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার শিকার হন। স্বগোত্রীয় (নিজেদের জনগোষ্ঠীর) পুরুষের কাছে পাহাড়ি নারী সহিংসতার শিকার হলে প্রথাগত সালিসে বিষয়টি মীমাংসা করে নেওয়া হয়। রাষ্ট্রীয় আইনের আওতায় এসব সহিংসতার প্রতিকার পাওয়ার সুযোগ হয় না। পাহাড়ি নারীকে ক্ষমতায়িত করার পাশাপাশি সহিংসতায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা না গেলে বঞ্চনার চিত্র পাল্টাবে না।