বান্দরবানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভূমি দখল ও ভূমিদস্যুদের সহযোগিতার অভিযোগ তুলেছে স্থানীয় আদিবাসীরা। গতকাল সোমবার তারা স্থানীয় প্রেসক্লাব চত্বরে ‘সুশীল সমাজ ও ভূমি দখলে ভুক্তভোগি’ ব্যানারে মানববন্ধন করে। সকাল সাড়ে ১০টার দিকে বম, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মারমা, চাকসহ আদিবাসী জনগোষ্ঠীর কয়েক শ নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নিতে প্রেসক্লাব চত্বরে আসে। মানববন্ধনে অংশ নেওয়া লাললুং রুয়াল ও লালপিয়ানথাং বম প্রথম আলোকে বলেন, শহরের কানাপাড়াসংলগ্ন পাহাড়ে তাঁদের ১৫ একর জমি রয়েছে। ওই জমিতে তাঁরা তিন বছর আগে রাংগোয়াই আম, মেহগনি ও সেগুনসহ বিভিন্ন প্রজাতির চারা লাগিয়ে বাগান করেন। পর্যটনকেন্দ্র নির্মাণের নামে ওই বাগানের গাছসহ জমি দখল করেছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়ুয়া। সেখানে তিনি এখন স্বর্গচূড়া পর্যটনকেন্দ্র নামে একটি সাইনবোর্ড লাগিয়েছেন। লাললুং রুয়াল বম বলেন, ‘আমরা আমাদের ভূমি ফেরত চাওয়ায় ইউএনও আমাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এখন আমাদের তিনি কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন।’ যৌথ খামারপাড়ার মংনু প্রু কার্বারী (পাড়াপ্রধান) বলেন, কানাপাড়া এলাকার পাহাড়ে তাঁর পাঁচ একর ভূমি বন্দোবস্ত নেওয়া আছে। সেখানে তিনি সেগুনবাগান করেন। ওই বাগানের গাছ ও জমি দখল করে ইউএনও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রকল্পের আওতায় পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়ক নির্মাণ করেছেন।