বান্দরবানে প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার ওপর জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার হামলার চেষ্টা ও হুমকি দেওয়ার ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকেরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার বান্দরবান প্রেসক্লাবে এক সভায় এ ঘটনায় অবিলম্বে ভুল স্বীকার করে সম্মানজনক সমাধানের জন্য চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে আইনি ব্যবস্থাসহ পরবর্তী কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টায় যুগান্তর-এর জেলা প্রতিনিধি এনামূল হক কাশেমীর সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা দায়িত্বশীল পদে থেকে সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ ও হুমকির ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান। সভায় ক্যশৈহ্লা মারমাকে ভুল স্বীকার করে সম্মানজনক সমাধানে এগিয়ে আসা এবং তাঁকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, গত শুক্রবার ক্যশৈহ্লা মারমা প্রেসক্লাব ভবনে এসে তুচ্ছ অজুহাত তুলে বুদ্ধজ্যোতি চাকমার ওপর হামলার চেষ্টা করেন।