বান্দরবানে সাংসদ প্রার্থিতা নিয়ে আ.লীগের কোন্দল প্রকাশ্যে
আওয়ামী লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যার সাংসদ পদপ্রার্থী হওয়ার ঘোষণায় দলে দ্বিধাবিভক্তি এখন প্রকাশ্য রূপ লাভ করেছে। গত রোববার রাতে জেলা কমিটির সভায় তাঁর মনোনয়ন চাওয়ার ব্যাপারে প্রায় ছয় ঘণ্টা ধরে বাদানুবাদ হয়েছে। তবে সাংসদ বীর বাহাদুর উশৈচিংয়ের উপস্থিতিতে সভা হলেও প্রসন্নকান্তি উপস্থিত ছিলেন না।
প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যা সভায় উপস্থিত না থাকার কথা স্বীকার করে বলেন, দলের ভেতরে বেড়ে উঠা একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর খপ্পরে পড়ে জেলায় সাংসদ বীর বাহাদুর ও আওয়ামী লীগের ভাবমূর্তি এখন চরমভাবে খারাপ হয়েছে। দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করে সংসদীয় আসন রক্ষার জন্য তিনি বিকল্প প্রার্থীর কথা বলেছেন। বিকল্প প্রার্থী না পেলে তিনি নিজে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইবেন।
দলীয় একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি প্রসন্নকান্তি ও সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে দল পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ডের নীতিনির্ধারণ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে প্রসন্নকান্তি জেলা পরিষদের সদস্যপদ ত্যাগ করেছিলেন। গত বছর অনুষ্ঠিত জেলা সমেঞ্চলনে গোপন ব্যালটে নির্বাচন করে কাজী মুজিবরকে দল থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বিশেষ গোষ্ঠীর চাপে ভোট না করে দুজনকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়। এতে দুজনের দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করে।
সভায় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য আয়োজিত জেলা কমিটির সভায় অধিকাংশই কাজী মুজিবরের পক্ষের লোকজন ছিলেন।
আওয়ামী লীগের জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মোজামেঞ্চল হক বাহাদুর বলেছেন, উপস্থিত নেতা-কর্মীরা অনেকে বলেছেন দলীয় সিদ্ধান্তের বাইরে প্রসন্নকান্তি সাংসদ পদপ্রার্থী হওয়ার ঘোষণার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অনেকে প্রসন্নকান্তি একটি বিশেষ জনগোষ্ঠীর ইঙ্গিতে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন। সাংসদ বীর বাহাদুর উশৈচিং সভায় বলেছেন, দলের যে কেউ মনোনয়ন চাইতে পারেন। দল প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যাকে মনোনয়ন দিলে তিনি প্রার্থী হবেন। আর না দিলে তিনি হবেন না।