বান্দরবানে সাংসদের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিংয়ের সরকারি কার্যক্রমের সংবাদ গতকাল বুধবার থেকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। বিভিন্ন সময় সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ও এর প্রতিবাদে তাঁরা এই সিদ্ধান্ত নেন।
গত মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকেরা জরুরি বৈঠক করেন। বৈঠকে জেলায় কর্মরত সাংবাদিক ফরিদুল আলম, এস বাসু দাশ, চবাথুই মারমা, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, এনামুল হক কাশেমি প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংবাদিকেরা বলেন, সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ পর্যন্ত জেলায় কর্মরত প্রায় সাংবাদিকই তাঁর দুর্ব্যবহারের শিকার হয়েছেন।
বৈঠকের কার্যবিবরণীতে স্বাক্ষরকারী ২০ জন সাংবাদিকের কয়েকজন বিভিন্ন সময়ে সাংসদের অশোভন আচরণের শিকার হওয়ার বর্ণনা দেন। এ সময় সাংসদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত কাজে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে নিন্দা জানানো হয়।
এ ব্যাপারে সাংসদ বীর বাহাদুর উশৈচিংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।