বান্দরবানে সাক্ষ্য গ্রহণ শেষ আজ যুক্তিতর্ক উপস্থাপন
বান্দরবানের থানচির উপজেলার ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণ ও আসামিদের জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।চট্টগ্রামের বাইতুল ইজ্জতে রাইফেল ট্রেনিং সেন্টার ও স্কুলে (আরটিসিএসে) গঠিত বিশেষ আদালতে বিচারকাজের শুরুতে বিচারক প্যানেলের সভাপতি বিডিআরের রাঙামাটি সেক্টরের অধিনায়ক বশিরুল ইসলাম বলেন, সাক্ষ্য গ্রহণ চলবে। একই সঙ্গে কোনো আসামি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করে অনুকম্পার জন্য আবেদন করলে আদালত তাও বিবেচনায় নেবেন।গতকাল প্রথমে সাক্ষী দেন ব্যাটালিয়ন সদর দপ্তরের সেই সময়ের চিকিৎসা কর্মকর্তা (এমও) মেজর মাকছুমুল হাকিম। এরপর একে একে অস্ত্রাগারের প্রহরী সিপাহী মঞ্জুর মোরশেদ, টেলিফোন-ওয়ারলেস যোগাযোগ ইউনিটের সিগন্যালম্যান হাবিলদার শরিফুল আলম, এনসিও (নন কমিশন অফিসার) মোবারক হোসেন, সিপাহী সোহেল আহমেদ, সিপাহী জাকির হোসেনসহ ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এর আগের দিন (সোমবার) নেওয়া হয় তিনজনের সাক্ষ্য।সাক্ষীরা বলেন, আসামিরা গুজব ছড়িয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিদ্রোহ ঘটিয়েছেন। তাঁরা শৃঙ্খলা ভঙ্গ করে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুদখানা থেকে গোলাবারুদ লুট করে ব্যাটালিয়নের অধিনায়ককে আহত করেন। বিদ্রোহীরা রণসাজে সজ্জিত হয়ে কর্মকর্তাদের জিম্মি করে রাখেন।সাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। আসামিপক্ষ সাফাই সাক্ষী আনবে বলে আদালতকে জানিয়েছেন। আজ কৌঁসুলি বা বাদীপক্ষ ও আসামিদের বক্তব্য শোনা হবে। একই সঙ্গে উভয় পক্ষের যুক্তিতর্কও উপস্থাপন করা হবে।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির বিদ্রোহের ঘটনায় চলতি বছরের ২১ এপ্রিল বিডিআর আইনে থানচির বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা করা হয়। ২২ এপ্রিল বিচারকাজ শুরু হয়। ওই ঘটনায় গত বছরের ৭ মে থানচি থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলা হয়। এ মামলায় ২৩৫ জন আসামির মধ্যে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়।