বান্দরবানের আলীকদমে বন বিভাগের সহযোগিতায় সামাজিক বনায়নের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে স্থানীয় একটি করাতকল থেকে গাছের ৬৯টি গুঁড়ি আটক করা হয়েছে।সামাজিক বনায়নের একাধিক উপকারভোগী জানান, বন বিভাগের মাতামুহুরি রেঞ্জের কর্মকর্তাদের নির্দেশে চার-পাঁচজন শ্রমিক গত শুক্র ও শনিবার বালুরঝিড়ি সামাজিক বনায়নের সেগুনগাছ কাটেন। এ সময় উপকারভোগীরা শ্রমিকদের কাছে কেন ও কার নির্দেশে গাছ কাটা হচ্ছে, তা জানতে চান। জবাবে শ্রমিকেরা বলেন, বন কর্মকর্তাদের নির্দেশ তাঁরা গাছ কাটছেন। বন কর্মকর্তাদের কথা শুনে তাঁরা আর গাছ কাটায় বাধা দেননি। উপকারভোগীরা বলেন, রোববার রাতে ওই কাটা গাছ দুটি ট্রাকে করে নিয়ে আসা হয়। একটি ট্রাক মাতামুহুরি রেঞ্জ কার্যালয়ে এবং আরেকটি ট্রাক মংক্যনু মারমার করাতকলে নিয়ে গেলে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে উপকারভোগীরা করাতকলে গিয়ে ৬৯টি গুঁড়ি আটক করে প্রশাসনকে খবর দেন। তাঁরা অভিযোগ করেন, এই গাছ বন বিভাগের ভিলেজার হেডম্যান (সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের অনুমতি নিয়ে বসবাসকারী) উক্যজাই মারমার মাধ্যমে করাতকলে আনা হয়।উপকারভোগীরা বলেন, গাছগুলো করাতকলে আটক করার পর তাঁরা রেঞ্জ কর্মকর্তা কুশ কুমার বৈদ্যের সঙ্গে কথা বলেন। এ সময় কুশ কুমার বলেন, দাপ্তরিক খরচের জন্য কিছু গাছ বিক্রির উদ্দেশ্যে করাতকলে নিয়ে আসা হয়েছে। জানতে চাইলে ভিলেজার হেডম্যান উক্যজাই মারমা বলেন, তাঁরা কোনো গাছ কাটেননি। চোরেরা গাছ কেটে বাগানে রেখে গেছে শুনে তিনি রেঞ্জ কর্মকর্তাকে জানিয়ে শ্রমিক দিয়ে গাছগুলো এনে করাতকলে রেখেছেন। তবে রেঞ্জ কর্মকর্তা কুশ কুমার বৈদ্য বলেন, অবৈধ গাছ করাতকলে নিয়ে আসার আগে তিনি কিছুই জানতেন না। চোরেরা গাছ কেটে এখন নিজেদের রক্ষায় বন বিভাগের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি করাতকলে গিয়ে জব্দ তালিকা করে গাছগুলো আপাতত করাতকলের মালিকের হেফাজতে রেখেছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।